বরাকর: মাধ্যমিকের (Madhyamik Examination 2026) শেষ দিনে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভাঙচুর বা বিশৃঙ্খলার খবর আসছে, তখন আসানসোলের কুলটিতে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এবং এক পজিটিভ ছবি। জীবনের প্রথম বড় পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে সাহায্য করার জন্য বুধবার কর্তব্যরত পুলিশ অফিসারদের ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সম্মান জানাল পরীক্ষার্থীরা (Madhyamik college students honour police)।
বুধবার মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা শেষ হতেই বরাকরের পরীক্ষার্থীরা মেতে ওঠে এক অভিনব উদযাপনে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে তারা সোজা চলে যায় ট্রাফিক গার্ড ও পুলিশ ফাঁড়িতে। সেখানে কুলটি থানার বরাকর ফাঁড়ির ইনচার্জ মেঘনাথ মণ্ডল এবং বরাকর সাব-ট্রাফিক গার্ডের ইনচার্জ বিনয় লায়েককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায় তারা। উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের ৬৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক পাসোয়ানও।
পরীক্ষার্থীদের মতে, পরীক্ষা চলাকালীন প্রতিটি দিন পুলিশ কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে তাদের সাহায্য করেছেন। রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করে সময়ে সেন্টারে পৌঁছে দেওয়া থেকে শুরু করে পরীক্ষা শেষে নিরাপদে বাড়ি ফেরা— সবটাই মসৃণ করেছে পুলিশ। তাদের এই নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানাতেই এই উদ্যোগ।
পুলিশ অফিসাররাও ছাত্রছাত্রীদের কাছ থেকে এমন অপ্রত্যাশিত সম্মান পেয়ে আপ্লুত। তাঁরা জানান, ছোট ছোট ছেলেমেয়েদের এই সৌজন্যবোধ ও শৃঙ্খলা দেখে তাঁরা অত্যন্ত খুশি। এই বছরের মাধ্যমিকের মূল বিষয়ের পরীক্ষা এদিন শেষ হলেও, বৃহস্পতিবার অতিরিক্ত বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
