উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোয়ার ‘বার্চ বাই রোমিও লেন’ (Birch by Romeo Lane) নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত লুথরা ভ্রাতৃদ্বয়কে থাইল্যান্ড থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার দিল্লি বিমানবন্দরে নামার পরপরই লুথরা ভাইদের গ্রেপ্তার করে গোয়া পুলিশ। গত ৬ ডিসেম্বর উত্তর গোয়ার আরপোরায় অবস্থিত ওই নাইটক্লাবে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ক্লাবের দুই মালিক গৌরব এবং সৌরভ লুথরা।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ ছেড়ে পালানো গৌরব এবং সৌরভকে পরবর্তীতে থাইল্যান্ডের ফুকেট থেকে আটক করা হয়। মঙ্গলবার তাঁদের ব্যাংকক থেকে বিমানে দিল্লি নিয়ে আসা হয়।দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অভিবাসন দপ্তরের ক্লিয়ারেন্স মিলতেই তাদের নিজেদের হেপাজতে নেয় গোয়া পুলিশের একটি বিশেষ দল। জানা গিয়েছে, তদন্তকারীরা ধৃতদের দিল্লি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড চাইবেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের গোয়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ১৭ ডিসেম্বর তাদের মাপুসা ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হতে পারে বলে সূত্রের খবর।
