আলিপুরদুয়ার: ট্রেনের ধাক্কার হাত থেকে রক্ষা পেল আরও একটি বুনো হাতি। রেল চালকদের উপস্থিত বুদ্ধি এবং বন্যপ্রাণীদের প্রতি সংবেদনশীলতার জেরে বিকেলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে ফিরল এক গজরাজ (Loco Pilots save elephant)। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাজাভাতখাওয়া স্টেশনের ডাউন অ্যাডভান্স স্টার্টার সিগন্যালের কাছে।
রেল সূত্রে জানা গিয়েছে, গতকাল (শনিবার) বিকেল ৩টে ৩০ মিনিট নাগাদ ধুবড়ি-শিলিগুড়ি ডেমু প্যাসেঞ্জার ট্রেনটি (৭৫৭৪২ ডাউন) রাজাভাতখাওয়া স্টেশনে প্রবেশের অপেক্ষায় ছিল। সেই সময় ডিউটিতে থাকা লোকো পাইলট মাধব বর্মন এবং সহকারী লোকো পাইলট সুব্রত দেবশর্মা লক্ষ্য করেন, একটি হাতি জঙ্গল থেকে বেরিয়ে রেললাইন পার হওয়ার চেষ্টা করছে।
ঘন জঙ্গলঘেরা এই এলাকায় ট্রেনের গতি এমনিতেই নিয়ন্ত্রিত থাকে। হাতিটিকে রেললাইনের ওপর দেখতে পেয়েই চালকরা তড়িঘড়ি এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটিকে সম্পূর্ণ থামিয়ে দেন। ট্রেনটি প্রায় ৫ মিনিট সেখানে দাঁড়িয়ে থাকে। হাতিটি নিরাপদ দূরত্বে লাইন পার হয়ে জঙ্গলে অদৃশ্য হওয়ার পর চালকরা ফের ট্রেনটি গন্তব্যের অভিমুখে নিয়ে রওনা দেন।
ডুয়ার্সের শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি রুটে হাতির মৃত্যু রুখতে সবসময়ই রেল ও বন দপ্তর যৌথভাবে কাজ করে। চালকদের এই বিশেষ সতর্কতাকে সাধুবাদ জানিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। এর আগে বহুবার ডুয়ার্সের এই রুটে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু গত কয়েক বছরে চালকদের এই ধরনের তৎপরতা সেই সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে বলে মনে করছে ওয়াইল্ড লাইফ প্রেমীরা।
