উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিনদিনের ‘গোট ট্যুর ইন্ডিয়া’-র (GOAT Tour India) সফরে এসেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)। শনিবার প্রথমেই কলকাতায় আসেন তিনি। কিন্তু যুবভারতীতে অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলা তৈরি হতেই নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যান মেসি। তারপরই চলে যান হায়দরাবাদে। যদিও সেখানে নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে অনুষ্ঠান। আর রবিবার মেসির অনুষ্ঠান রয়েছে মুম্বইয়ে (Mumbai)। সব শেষে সোমবার তিনি দিল্লিতে যাবেন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর।
তবে কলকাতার ঘটনার থেকে শিক্ষা নিয়ে মুম্বইয়ে মেসির অনুষ্ঠানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে নেবেন মেসি। যা বিকেল ৫টা নাগাদ শুরু হওয়ার কথা। তার আগে লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি’পলের সঙ্গে একটি ফ্যাশন ইভেন্টে অংশ নেবেন মেসি। পাশাপাশি সিসিআই-তে প্যাডেল কাপেও যোগ দেবেন। এদিন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার থেকে শুরু করে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ক্যাপ্টেন সুনীল ছেত্রীর সঙ্গে মেসির দেখা হবে বলে শোনা যাচ্ছে। শুধু তাই নয়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন তাঁর অনুষ্ঠানে যোগ দিতে পারেন করিনা কাপুর, জন আব্রাহাম, ট্রাইগার শ্রফের মতো বলিউড তারকারাও।
এদিন ওয়াংখেড়েতে নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডের ভিতরে জলের বোতল, ধাতব সামগ্রী এবং কয়েন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পুলিশ স্ট্যান্ডের চারপাশে পর্যবেক্ষণ টাওয়ার বসিয়েছে। যাতে ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়। কলকাতার যুবভারতীতে বিশৃঙ্খলা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল, সেটির পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেই নজর রাখছে কর্তৃপক্ষ।
