বেলাকোবা: ছাগলের টোপ দিয়ে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দি হল চিতাবাঘ (Leopard Caged)। রাজগঞ্জের (Rajganj) শিকারপুরের নাগপুর চা বাগান এলাকার ঘটনা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চিতাবাঘের আতঙ্কে ছিলেন স্থানীয়রা। ৫ ডিসেম্বর শিকারপুর চা বাগানের চার নম্বর সেকশনে চিতাবাঘের হানায় এক শ্রমিকের গবাদি প্রাণী আক্রান্ত হয়। ১২ ডিসেম্বর নাগপুরে ফের হানা দেয় চিতাবাঘ। পরপর এমন ঘটনার পর আতঙ্ক বেড়ে যায় এলাকায়। বন দপ্তরের তরফে খাঁচা পাতা হলেও বাগে আসছিল না চিতাবাঘটি। গত রাতেও চা বাগানে হানা দেয়।
অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ে চিতাবাঘটি। বাঘ ধরা পড়ায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চা বাগানের শ্রমিকরা। এনিয়ে বাগান ম্যানেজার প্রসূন চক্রবর্তী বলেন, ‘কয়েকদিন ধরেই বাঘটি চা বাগানে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এদিন খাঁচাবন্দি হওয়ায় আতঙ্ক দূর হল।’ বেলাকোবার রেঞ্জ অফিসার রাজকুমার পালের কথায়, প্রতিদিন নজরদারি চালানো হচ্ছিল। এদিন মান্তাদারি ফরেস্ট বিটে রাখা হবে চিতাবাঘটিকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতো পরবর্তীতে পদক্ষেপ করা হবে।
