Lamborghini Accident | কানপুরে তামাক-ব্যবসায়ীর ছেলের তাণ্ডব! বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় পিষল বাইক, আহত পথচারীরা

Lamborghini Accident | কানপুরে তামাক-ব্যবসায়ীর ছেলের তাণ্ডব! বেপরোয়া ল্যাম্বরগিনির ধাক্কায় পিষল বাইক, আহত পথচারীরা

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপত্তি ঘটালেন কানপুরের এক নামী তামাক-ব্যবসায়ীর ছেলে (Tobacco Baron’s son)। রবিবার বিকেলে উত্তরপ্রদেশের কানপুরের (Kanpur) ভিআইপি রোড সাক্ষী থাকল এক ভয়াবহ পথ দুর্ঘটনার (Lamborghini Accident)। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত তরুণের নাম শিবম মিশ্র, যিনি বিশিষ্ট ব্যবসায়ী কে কে মিশ্রের পুত্র। তাঁর বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ির ধাক্কায় অন্তত ৬ জন পথচারী গুরুতর আহত হয়েছেন। সেই সঙ্গে দুমড়ে-মুচড়ে গিয়েছে বেশ কিছু গাড়ি ও বাইক।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, রবিবার দুপুর সোয়া ৩টে নাগাদ রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ওই বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিলেন শিবম। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে একটি অটো-রিকশায় ধাক্কা মারে এবং পরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইককে পিষে দেয়। ধাক্কার চোটে বাইক আরোহী প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েন। এরপর গাড়িটি বাইকটিকে টেনে নিয়ে গিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে থামে। সেই সময় আহত হন আরও কয়েকজন পথচারী।

তৌফিক আহমেদ নামে এক আহত ব্যক্তি জানান, তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন, তখনই কালান্তক হয়ে ধেয়ে আসে ওই ল্যাম্বরগিনি। এদিকে, দুর্ঘটনার পর শিবম পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাঁকে ঘিরে ফেলে। অভিযোগ, শিবমের নিরাপত্তারক্ষীরা অন্য একটি গাড়িতে চড়ে তাঁকে বাঁচাতে এসে সাধারণ মানুষের সঙ্গে অভব্য আচরণ করেন। এতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে। উত্তেজিত জনতা গাড়িটির কাঁচ ভেঙে শিবমকে টেনে বের করে এবং মারধর শুরু করে। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে অভিযোগ উঠেছে, প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় শুরুতে পুলিশ এফআইআর (FIR) রুজু করতে গড়িমসি করছিল। তবে জনরোষের চাপে শেষ পর্যন্ত শিবমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দিল্লি নম্বর প্লেটের ওই দামী গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে চালক মদ্যপ ছিলেন কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *