মালদা: মালদা-র (Malda Crime) ইংরেজবাজার থানার খাসখোল এলাকায় এক মহিলার রক্তাক্ত দেহ (Lady discovered lifeless in English Bazar) উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। স্বামীর মৃত্যুর পর ওই বাড়িতে তিনি একাই থাকতেন। শুক্রবার সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দাদের আঙুল এখন এলাকার মাদকাসক্তদের দিকে।
মৃত মহিলার নাম দয়া চৌধুরী (৪৬)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে তাঁর স্বামী সুবোধ চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর একমাত্র ছেলে বর্তমানে ভিনরাজ্যে কর্মরত এবং দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। ফলে ইংরেজবাজারের মিলকি আউটপোস্টের অন্তর্গত খাসখোল এলাকার ওই বাড়িতে দয়াদেবী একাই বসবাস করতেন। একা থাকার সুযোগ নিয়েই অপরাধীরা এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেশীদের দাবি, গত বৃহস্পতিবার রাতেও দয়াদেবী তাঁর মেয়েদের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছিলেন। শুক্রবার সকালে যথারীতি গোয়ালা দুধ দিতে এসে বারবার ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপর প্রতিবেশীরা জানলা দিয়ে উঁকি মারতেই শিউরে ওঠেন। তাঁরা দেখেন, ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন দয়াদেবী।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ (English Bazar Police)। তারা রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকায় মাদকাসক্তদের দৌরাত্ম্য ব্যাপক বেড়ে গিয়েছে। নেশার টাকা জোগাড় করতে বা চুরির উদ্দেশ্যে তারা এই কাজ করে থাকতে পারে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা না হলেও পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে।
