কুমারগঞ্জ: প্রায় চার বিঘা ধানের জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগঞ্জের শাহবাজপুর এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে জমিতে বিষ ছড়িয়ে ধান গাছ মেরে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ভবোতোষ দাস ও রজব আলী মোল্লা। তাঁদের অভিযোগ, স্থানীয় এক প্রতিবেশীর সঙ্গে বিরোধ হয়েছিল। প্রতিশোধ নিতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।
জানা গেছে, দুইজনের মোট চার বিঘা জমিতে ইতিমধ্যেই পেকে গিয়েছে ধান। পাকা ধান কাটার মাত্র ১৫–২০ দিন বাকি ছিল। রবিবার সকালে তারা দেখতে পান ধানগাছ হঠাৎ হলুদ হয়ে শুকিয়ে গেছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল ধান পেকে গেছে, কিন্তু কাছে গিয়ে বোঝা যায় উপরের অংশ ও ধানের শিষ পুড়ে গেলেও নিচের অংশ এখনও সবুজ। প্রায় দেড়শো মণ ধান হত বলে মনে করছেন তাঁরা। তাঁদের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা।
রজব আলী মোল্লা অভিযোগ করেছেন, ‘প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছে। সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়িয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। সেই প্রতিবেশী হুমকি দিয়েছিলেন ধান নষ্ট করে দেবে। রবিবার রাত প্রায় এগারোটার সময় আমার ছেলে তাদের স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেছিল। এখন বোঝা যাচ্ছে, সেদিনই তারা বিষ ছড়ায়। আমার সঙ্গে যেহেতু ওদের ভালো সম্পর্ক নয়, তাই প্রতিশোধ নিতে আমার জমিতেও বিষ ঢেলেছে।’
এই ঘটনায় মোট ছয়জনের নামে কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন। কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কৃষি দপ্তরের স্থানীয় আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করে ফসলের নমুনা সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এলাকায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।
