উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ফের চলল গুলি (Kolkata Shootout)। ব্যক্তিগত বিবাদ বচসার রূপ নিতেই মহম্মদ নিয়াজ নামে এক তরুণকে লক্ষ্য করে পরপর ৫ থেকে ৬ রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠল মহম্মদ সলমন নামে এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে বেনিয়াপুকুরের (Beniapukur) তিলজলা এলাকায় ঘটনাটি ঘটেছে। বর্তমানে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণ (SSKM Hospital Trauma Care)।
স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় কোনও একটি বিষয় নিয়ে নিয়াজ ও সলমনের মধ্যে ব্যাপক বচসা বাঁধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দারা হস্তক্ষেপ করেন এবং সাময়িকভাবে বিবাদ মিটে যায়। কিন্তু অভিযোগ, সলমন মনে মনে বদলা নেওয়ার ছক কষছিল। এরপর গভীর রাতে নিয়াজকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সলমন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে সে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন নিয়াজ। গুলির শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এলে সলমন এলাকা ছেড়ে চম্পট দেয়।
এলাকাবাসীদের দাবি, অভিযুক্ত মহম্মদ সলমন এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি এবং তোলাবাজির মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। তবে নিয়াজের সঙ্গে ঠিক কী নিয়ে তার বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুরোনো কোনও শত্রুতা নাকি তাৎক্ষণিক কোনও রাগের বশবর্তী হয়ে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বেনিয়াপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকা থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সলমন বর্তমানে পলাতক। পুলিশ তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। শহরের জনবহুল এলাকায় এই ধরনের ‘শুটআউট’-এর ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের বড়সড়ো প্রশ্ন উঠে গেল।
