নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী অলিম্পিক নিয়ে আশা দেখছেন ভারতের প্রাক্তন ক্রীড়াবিদরা। রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ, প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার, প্রাক্তন তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। সেখানে অলিম্পিক নিয়ে নিজেদের আশার কথা জানিয়েছেন তাঁরা। প্রাক্তন লং জাম্পার অঞ্জু ববি জর্জ বলেছেন, ‘আগামী অলিম্পিকের জন্য আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। অ্যাথলেটিক্সে পদক পাওয়া বিষয়ে আমি আশাবাদী। এছাড়াও ২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের চেষ্টা চলছে। সেটা করতে পারলে আমরা পদক তালিকায় প্রথম পাঁচে থাকব।’
অলিম্পিক নিয়ে জয়দীপ বলেছেন, ‘আগামী অলিম্পিকে মানু ভাকেরদের মতো পরিচিত মুখের পরিবর্তে অন্য কোনও তরুণ শুটার পদক পেতে পারে। আমি তিন থেকে চারটি পদকের আশা করছি।’ প্রাক্তন তিরন্দাজ দোলা আশা করছেন, আগামী অলিম্পিকে তিরন্দাজিতে পদকের খরা কাটবে। তিনি বলেছেন, ‘প্রতিবার অলিম্পিকে তিরন্দাজিতে পদকের আশা থাকলেও শেষপর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। আশা করছি এবার সেই খরা কাটবে। বিশেষ করে কম্পাউন্ড বিভাগের মিক্সড টিম ইভেন্টে পদক জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে।’ রবিবার জেবিজি কলকাতা ম্যারাথনের থিম সং ও বিগত দশ বছরের ইতিহাস নিয়ে লেখা বই প্রকাশ হয় অঞ্জুদের হাত ধরে। এবারের জেবিজি ম্যারাথন আয়োজিত হবে ৩০ নভেম্বর।
