উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার (Bhaiphonta 2025) সকালে নেটাগরিকদের মন জিতে নিল ভাই-বোনের মিষ্টি ছবি। একরত্তি বোন সাবেকি পোশাক পরে ফোঁটা দিচ্ছে দাদাকে। তাদের সেই ছবি পোস্ট করলেন মা। মা, ছেলে এবং মেয়ের জুটিকে আদরে ভরালেন সকলে।

টলিউড কুইন কোয়েল মল্লিক (Koel Mallick)। ছেলে কবীর এবং মেয়ে কাব্যকে নিয়ে তাঁর ভরা সংসার। দাদা কবীর সারাক্ষণ বোনকে নিয়ে মেতে থাকে। এই প্রথম বোনের থেকে ফোঁটা পাবে দাদা, তাই বাড়িতে চলছিল জোরকদমে আয়োজন। খাওয়া-দাওয়া থেকে সাজগোজ সবেতেই ছিল বিরাট পরিকল্পনা। ছোট্ট বোনের পরনে গোলাপি লহেঙ্গা, দাদা পরেছে হলুদ পাঞ্জাবি। বোনের থেকে ফোঁটা নিয়ে দাদার হাসি যেন থামছে না। দুই ভাই-বোনের এমন সুন্দর মুহূর্ত দেখে ভালোবাসা উজাড় করে দিয়েছে সমাজমাধ্যম।

এদিন মল্লিকবাড়িতে (Mallick Bari) ধুমধাম করে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তিন প্রজন্মের একসঙ্গে বিশেষ দিন উদ্যাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন নায়িকা। একটি ছবিতে যেমন দেখা যাচ্ছে অভিনেতা রঞ্জিত মল্লিক ফোঁটা নিচ্ছেন তাঁর বোনের থেকে। অন্যদিকে কোয়েলও তাঁর ভাই-দাদাদের ফোঁটা দিয়েছেন। আর এই বছরের মূল আকর্ষণ ছিল কাব্য। কারণ এটাই তার প্রথম বছরের ভাইফোঁটা।

