খড়িবাড়ি: খড়িবাড়িতে(Khoribari) বাংলা-বিহার সীমানায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী টোটো থেকে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ৩ মহিলা। ধৃতদের নাম শেফালী সিংহ, আরতি সরকার এবং কাজলী রায়। তারা সকলেই গজোলডোবার ঠাকুর নগরের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে ভালুকগাড়া ৩২৭ নং জাতীয় সড়ক থেকে টোটোটিকে আটক করে খড়িবাড়ি(Khoribari) পুলিশ। ৩ মহিলা পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকায় সন্দেহ হয় পুলিশের। তল্লাশি চালিয়ে তাদের সঙ্গে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, গজোলডোবা থেকে বিহারে গাঁজা পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। শনিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।
