খড়িবাড়ি: বর্ষায় ভয়াবহ পরিস্থিতি খড়িবাড়ির দুটি রাজ্য সড়ক। খানাখন্দে ভড়া এই রাস্তাদুটি দিয়ে চলাচল করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টিতে এই রাস্তা দুটি যেন পুকুরের আকার নিয়েছে। মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। তবুও হেলদোল নেই প্রশাসনের। রাস্তা সংস্কারে উদাসীন রাজ্য পূর্তদপ্তর। ফলে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
জানা গিয়েছে, দুটো রাস্তার একটি হল খড়িবাড়ি-ভালুকগাড়া রাজ্য সড়ক, এবং অপরটি খড়িবাড়ি-পিডব্লিউডি মোড় রাজ্য সড়ক। মাত্র ১০ মাস আগে ৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল খড়িবাড়ি-ভালুকগাড়া রাজ্য সড়কটি। এই কয়েকমাসে রাস্তাটি ভড়ে গিয়েছে খানাখন্দে। অপরদিকে খড়িবাড়ি-পিডাব্লিউডি রাজ্য সড়কটি বিগত তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অতিরিক্ত ভারী পণ্যবাহী ট্রাক ও ডাম্পার চলাচল করায় এই বর্ষায় রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। মুমূর্ষু রোগী থেকে সাধারণ মানুষ চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন। এই বেহাল রাস্তা দিয়েই পড়ুয়া ও রোগীরা প্রাণ হাতে টোটো করে স্কুল ও হাসপাতালে যাতায়াত করছে। তবুও হেলদোল নেই প্রশাসন বা পূর্তদপ্তরের।
রাস্তা দুটির চরম বেহাল অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কিশোরিমোহন সিংহ। তিনি জানান, খড়িবাড়ি-ভালুকগাড়া রাজ্য সড়কটি দ্রুত সংস্কারের জন্য পূর্ত দপ্তরের ঊর্ধতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। অন্যদিকে খড়িবাড়ি-পিডব্লিউডি মোড় পর্যন্ত রাজ্য সড়কটি সংস্কারের জন্য ডিটেইল প্রজেক্ট রিপোর্ট(ডিপিআর) তৈরি করে নবান্নে পাঠানো হয়েছে। তিনি দ্রুত রাস্তাগুলি সংস্কারের আশ্বাস দিয়েছেন।
