উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শোকের আবহেও ঐতিহ্য মেনে মুখার্জি বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। তবে অষ্টমীর সকালে সেই চেনা ভিড়, ছবিশিকারিদের দৌরাত্ম্য সামলাতে গিয়ে খানিকটা মেজাজ হারাতে দেখা গেল অভিনেত্রী কাজলকে। প্রয়াত কাকা দেব এবং রণো মুখোপাধ্যায়ের স্মৃতির মাঝেও বিগত তিনদিন ধরে হাসিখুশিভাবেই পুজোর তদারকি করছিলেন তিনি। কিন্তু অষ্টমীর দিনে ছবি তোলার হুড়োহুড়ি চরমে উঠলে অভিনেত্রী শেষমেশ কড়া হাতে পরিস্থিতি সামলালেন।
মুখার্জি বাড়ির এই পুজো শুধু পারিবারিক উৎসব নয়, তারকা সমাগমের কারণে এটি বরাবরই পাপারাৎজিদের কাছে ‘হটস্পট’। হালকা পেঁয়াজি শাড়িতে এদিন সকাল থেকেই মণ্ডপের খুঁটিনাটি বিষয় সামলাচ্ছিলেন কাজল। অঞ্জলি থেকে শুরু করে ভোগ বিতরণ, সবদিকেই ছিল তাঁর কড়া নজর।
ঘটনার সূত্রপাত হয় প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চন মণ্ডপে আসার পর। প্রতি বছরের মতোই এই দুই বঙ্গললনাকে একসঙ্গে ক্যামেরাবন্দী করার জন্য ঝাঁপিয়ে পড়ে ছবিশিকারিরা। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি আর চিৎকার-চেঁচামেচিতে রীতিমতো বিরক্ত হন জয়া বচ্চন। কানে আঙুল দিয়ে তিনি ইশারা করেন থামার জন্য। কিন্তু তাতেও কাজ না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এরপরই রাশ ধরেন কাজল। ভিড়ের উদ্দেশে স্পষ্ট ভাষায় তিনি বলেন, “একদম চুপ! এত চিল্লাচিল্লি করবেন না এখানে দাঁড়িয়ে।” কাজলের এই অপ্রত্যাশিত ধমকেই মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায় মণ্ডপ এলাকা। চলতি বছরে কাজলের পরিবারে জোড়া এই শোকের মধ্যেও মুখোপাধ্যায় পরিবার ঐতিহ্যের ধারা বজায় রেখে পুজো করছেন। তবে, অষ্টমীর দিনে কাজলের এমন কড়া মেজাজে রাশ টানা দেখে অনেকেই বলছেন, ঐতিহ্যের পবিত্রতা বজায় রাখতেই তাঁর এই ‘ধমক’ ছিল একান্ত জরুরি।
