উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে (Kabul Hospital Assault) পাকিস্তানের বর্বরোচিত বিমান হামলায় (Pakistan Air Strike) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০। আহত হয়েছেন আরও ২৫০ জনেরও বেশি মানুষ। সোমবার রাতের এই ভয়াবহ হামলায় হাসপাতালের বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই অমানবিক ঘটনার প্রতিবাদে এবার সরব হলেন আফগান ক্রিকেটাররা। রশিদ খান, মহম্মদ নবিদের পর এবার পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন তরুণ স্পিনার আল্লা গজনফার। একইসঙ্গে এই পরিস্থিতিতে বন্ধু দেশ ভারতের হস্তক্ষেপ ও সাহায্য চাইলেন তিনি।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা আফগান ক্রিকেটার আল্লা গজনফার এক সাক্ষাৎকারে বলেন, “যাঁদের চিকিৎসার টাকা নেই, সেই সাধারণ মানুষের ওপর হাসপাতালে আক্রমণ করা মেনে নেওয়া যায় না। আমি জানি না ওরা কী প্রমাণ করতে চাইছে। অসহায় মানুষকে হত্যা করা হচ্ছে।” সরাসরি পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, “আফগানিস্তানের ইতিহাস সবাই জানে। যদি সেই ইতিহাস ফিরে আসে, তবে সেটা পাকিস্তানের জন্য মোটেই ভালো হবে না।”
ভারতকে দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে উল্লেখ করে গজনফার বলেন, “ভারত আমাদের খুব ভালো বন্ধু। আমরা চাই ভারত এই বিষয়ে যুক্ত হোক এবং এই সমস্যা নিয়ে কথা বলুক। ভারত এবং অন্যান্য শক্তিশালী দেশগুলো পাশে দাঁড়ালে হয়তো এমন ঘটনা আর ঘটবে না।” বর্তমানে বিশ্বজুড়ে চলা অস্থিরতার মাঝে সাধারণ নাগরিক হত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক মহলের কাছেও আরজি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বছর পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন তরুণ প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু হয়েছিল। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি আফগান ক্রিকেট মহল। ইতিপূর্বেই পাকিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ বয়কট করেছিলেন রশিদ খানরা। মঙ্গলবারের এই নৃশংস হামলার পর ক্রিকেট বিশ্বের বড় প্রশ্ন— পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কি তবে ক্রিকেটীয় সম্পর্ক চিরতরে ছিন্ন হতে চলেছে?
কাবুলের দাউদাউ করে জ্বলে ওঠা হাসপাতালের সেই মর্মান্তিক ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল, যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। পাকিস্তান দায় অস্বীকার করলেও আফগান ক্রিকেটারদের এই কড়া অবস্থান আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে আরও চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে।
