মালদা: রাজস্থানের গোলাপি শহর জয়পুরে (Jaipur Vogue Occasion) উড়ল বাংলার জয়পতাকা। দেশের ১৭৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘জুনিয়র মিস ইন্ডিয়া’ (Junior Miss India)-এর মুকুট ছিনিয়ে নিলেন মালদার বাসিন্দা প্রিন্সিপ্রিয়া ভৌমিক (Principiya Bhowmick)। এক কিশোরীর এই জাতীয় স্তরের সাফল্যে এখন খুশির জোয়ার মালদা (Malda) শহরজুড়ে।
মালদার একটি নামী স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী প্রিন্সিপ্রিয়া ছোটবেলা থেকেই মডেলিং এবং গ্ল্যামার দুনিয়ার প্রতি আগ্রহী ছিলেন। তবে জাতীয় স্তরের এই মঞ্চে পৌঁছানো সহজ ছিল না। প্রিন্সিপ্রিয়া জানান, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে দেশের ২৫টি রাজ্য থেকে কয়েক হাজার প্রতিযোগী অংশ নিয়েছিলেন। কঠোর অডিশনের মাধ্যমে তাঁদের মধ্য থেকে ১৭৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বেছে নেওয়া হয়েছিল। জয়পুরে (Jaipur) অনুষ্ঠিত সেই গ্র্যান্ড ফিনালেতে তিনটি কঠিন পর্ব পেরিয়ে সেরার শিরোপা জিতে নেন তিনি।
মুকুট জয়ের পর প্রিন্সিপ্রিয়া বলেন, “এই মঞ্চে কেবল বাহ্যিক সৌন্দর্য বিচার করা হয়নি। ফ্যাশনের পাশাপাশি আমাদের আত্মবিশ্বাস, সামাজিক সচেতনতা, তাৎক্ষণিক বুদ্ধি এবং দেশপ্রেমের মতো বিষয়গুলিকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল।” প্রতিটি পদক্ষেপে নিজের ব্যক্তিত্বের ছাপ রেখে বিচারকদের মন জয় করে নেন এই মালদহি কন্যা।
প্রিন্সিপ্রিয়ার (Malda Success Story) এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর বাবা-মায়ের অকুণ্ঠ সমর্থন। বাবা সুরজিৎ ভৌমিক পেশায় ব্যবসায়ী এবং মা পূর্ণিমা ভৌমিক একজন গৃহবধূ। তবে মা পূর্ণিমা দেবী দীর্ঘকাল ধরে বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের সঙ্গে যুক্ত থাকায় মেয়েকে গ্রুমিং করতে তাঁর বিশেষ ভূমিকা ছিল। প্রিন্সিপ্রিয়ার মতে, পরিবারের বিশ্বাস এবং নিজের কঠোর পরিশ্রমই তাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি মডেলিং এবং সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চান প্রিন্সিপ্রিয়া। মালদার ঘরের মেয়ের এই সাফল্যে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।
