উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর তার ঠিক আগেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। বৃহস্পতিবার কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের ২৮ জন জয়েন্ট বিডিও (যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক)-কে পদোন্নতি দেওয়া হয়েছে (Joint BDO Promotion)। নবান্ন সূত্রে জানানো হয়েছে, এটি সম্পূর্ণ একটি নিয়মমাফিক প্রক্রিয়া হলেও নির্বাচনের আগে এই পদোন্নতি বিশেষ তাৎপর্যপূর্ণ।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গিয়েছে, আলিপুরদুয়ারের জয়েন্ট বিডিও দীপায়ন চক্রবর্তী, বাঁকুড়া তালড্যাংরার শিলাদিত্য জানা, বীরভূম জেলা পরিষদের এডিএস সৌভিক সরকার এবং হাওড়া সাঁকরাইলের অলক্তা সেন সহ মোট ২৮ জন আধিকারিক পদোন্নতি পেয়েছেন। তাঁদের প্রত্যেককেই আগামী ১০ দিনের মধ্যে অফিসার অন স্পেশাল ডিউটি (OSD) হিসেবে কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরে সশরীরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকদের সংগঠন এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জয়েন্ট বিডিও-দের বকেয়া পদোন্নতির বিষয়ে দাবি তোলা হচ্ছিল। অনেকেরই পদোন্নতি দীর্ঘ সময় ধরে আটকে ছিল। নবান্ন অবশ্য দাবি করেছে, সরকারি নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের সময় এই ব্লক স্তরের আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে, তাই তাঁদের এই ‘প্রমোশন’ প্রশাসনিক কাজকে আরও মসৃণ করবে।
কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই নবান্নের এই বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের কর্মতৎপরতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
