উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই জম্মু-কাশ্মীরের (J&K) কুপওয়ারায় (Kupwara)। শনিবার নিকেশ হয়েছে ২ জঙ্গি। সন্ত্রাস দমনে শুরু হয় ‘অপারেশন পিম্পল’ (Operation Pimple)। সেই অপারেশনেই দুই জঙ্গিকে খতম করা হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সার্চ অপারেশন শুরু করেছে নিরাপত্তাবাহিনী।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কেরান সেক্টরের কুপওয়ারায় জঙ্গিদের অনুপ্রবেশের তথ্য পাওয়া গিয়েছিল। তার উপরে ভিত্তি করে ৭ নভেম্বর সেই এলাকায় একটি অভিযান চালানো হয়। সেখানে পৌঁছে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তাবাহিনী। বিষয়টি খতিয়ে দেখতে গেলে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। অভিযান এখনও চলছে।
সেনা সূত্রে খবর, এর আগে নিয়ন্ত্রণরেখা (এলওসি) (LoC) পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর, নিরাপত্তাবাহিনী কুপওয়ারা জেলার কেরান সেক্টরে একটি যৌথ অভিযান শুরু করে। গত ৫ নভেম্বর জম্মু এবং কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা যৌথভাবে জঙ্গি দমনে সংশ্লিষ্ট এলাকায় অভিযান চালায়। সেইসময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা তাদের জবাব দেয় বাহিনী।
