Jason Gillespie | “অপমানিত বোধ করেছি”, পাকিস্তানের কোচের পদ থেকে পদত্যাগের আসল কারণ জানালেন গিলেসপি – Uttarbanga Sambad

Jason Gillespie | “অপমানিত বোধ করেছি”, পাকিস্তানের কোচের পদ থেকে পদত্যাগের আসল কারণ জানালেন গিলেসপি – Uttarbanga Sambad

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেটের অন্দরমহলে অস্থিরতা নতুন কিছু নয়, কিন্তু এবার খোদ প্রাক্তন অজি পেসার তথা পাকিস্তানের প্রাক্তন টেস্ট কোচ জেসন গিলেসপি (Jason Gillespie) যে বিস্ফোরক অভিযোগ আনলেন, তাতে চরম অস্বস্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। গিলেসপির দাবি, কোচ থাকাকালীন একাধিকবার তাঁকে ‘অপমানিত’ হতে হয়েছে, যা শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগের পথে ঠেলে দেয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘X’-এ (পূর্বের টুইটার) ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে গিলেসপি জানান, তাঁর সঙ্গে কোনো আলোচনা না করেই সিনিয়র সহকারী কোচ টিম নিলসনকে ছাঁটাই করেছিল পিসিবি। প্রধান কোচ হিসেবে এই বিষয়টি মেনে নেওয়া তাঁর পক্ষে অসম্ভব ছিল। গিলেসপি সাফ বলেন, “আমি পাকিস্তানের টেস্ট দলের কোচ ছিলাম। কিন্তু আমার সঙ্গে বিন্দুমাত্র কথা না বলে সহকারী কোচকে সরিয়ে দেওয়া হল। একজন হেড কোচ হিসেবে এই পরিস্থিতি আমার কাছে অগ্রহণযোগ্য ছিল। এমন আরও অনেক ঘটনা ঘটেছে যেখানে আমি চরম অপমানিত বোধ করেছি।”

গিলেসপি এর আগেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সমালোচনা করেছিলেন। দলের সংহতি বাড়াতে আয়োজিত ‘কানেকশন ক্যাম্প’-এর প্রসঙ্গ টেনে তিনি জানান, তৎকালীন সাদা বলের কোচ গ্যারি কার্স্টেন দক্ষিণ আফ্রিকা থেকে এবং তিনি নিজে অস্ট্রেলিয়া থেকে উড়ে এলেও, লাহোরে থেকেও ২০ মিনিটের দূরত্ব অতিক্রম করে সেই বৈঠকে সশরীরে উপস্থিত হননি মহসিন নাকভি। তিনি কেবল জুম কলে যোগ দিয়েছিলেন, যা দলের প্রতি বোর্ডের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিল।

মাত্র আট মাসের মেয়াদে গিলেসপির কোচিংয়ে পাকিস্তান ঘরের মাঠে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়েছিল। তবে যাত্রার শুরুটা ভালো ছিল না, বাংলাদেশের কাছে ০-২ ব্যবধানে ঐতিহাসিক হারের মুখ দেখতে হয়েছিল বাবর আজমদের। ফর্মের কারণে বাবরকে দল থেকে বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্তও নিতে হয়েছিল গিলেসপিকে। কিন্তু বোর্ডের অযাচিত হস্তক্ষেপ এবং পেশাদারিত্বের অভাবের কারণেই শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

গিলেসপির ইস্তফার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে কোচ বদলের খেলা চলছে। সম্প্রতি খবর পাওয়া গেছে, চুক্তির মেয়াদ তিন মাস বাকি থাকতেই আজহার মাহমুদকেও কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে পিসিবি। পরবর্তী কোচ হিসেবে কার ওপর দায়িত্ব বর্তাবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তবে গিলেসপির এই মন্তব্য বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের প্রশাসনিক কাঠামোকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *