জঙ্গিপুর: মেলার আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে। সন্ধ্যায় মেলার চলন্ত রাইডে নাবালিকার জামা আটকে গিয়ে দুরন্ত গতিতে মাটিতে ছিটকে পড়ে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু ঘটল তার। মৃতের নাম আসরিনা খাতুন। ঘটনায় রবিবার গভীর শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত লালপুর এলাকায়। এদিকে ঘটনার পরেই মৃতার পরিবারের লোকজন মেলায় রাইড-এর অনুমতি নিয়ে জোরালো প্রশ্ন তুলেছেন। এদিকে এই মর্মান্তিক মৃত্যুর পরই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে রাইড-এর মালিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি মাঠে সম্প্রতি ছোট একটি মেলা বসে। সেখানেই এই মেলা উপলক্ষে রাইড চালু হয়। সেইমতো ছোট্ট আসরিনা তার স্কুলের বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে এসে রাইডে চড়ে বসে। এরপর এই ঘটে যায় বিপত্তি। রাইড চলার পরই আচমকা পঞ্চম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর জামার একটি অংশ জড়িয়ে যায় রাইডের যন্ত্রাংশের সঙ্গে। এরপরই কাতড় কন্ঠে রাইড বন্ধ করার জন্য চিৎকার শুরু করে ওই নাবালিকা। কিন্তু চারিদিকে প্রচন্ড আওয়াজ আর সচেতনতার অভাবে রাইড চালক সেই রাইড বন্ধ করেনি বলে অভিযোগ। এরপরই বিকট আওয়াজে রাইড থেকে ছিটকে পড়ে আসরিনা। তড়িঘড়ি স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
