জলপাইগুড়ি: হোলিতে জলপাইগুড়ি শহরে এক নক্কারজনক ঘটনার খবর সামনে এল। এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় এক বিজেপি কর্মীকে (Jalpaiguri Rape Case)। ধৃতের নাম নিতাই রায়, যিনি জলপাইগুড়ির বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর একটা নাগাদ ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সুকুমার রায় এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে জলপাইগুড়ি কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং মঙ্গলবার রাতেই অভিযুক্ত নিতাই রায়কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। বুধবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত হলেও, দল এই ঘটনার দায় নিতে নারাজ। জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্বের দাবি, এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক চক্রান্ত। ধৃত ব্যক্তি তাঁদের দলের কোনো সক্রিয় কর্মী বা সদস্য নন বলেও দাবি করেছেন জেলা নেতারা। তাঁদের মতে, আসন্ন নির্বাচনের মুখে দলের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে।
বিবেকানন্দ পল্লীর বাসিন্দারা এই ঘটনায় দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে এবং আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
