পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: মঙ্গলবার জলপাইগুড়ি (Jalpaiguri) সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গার্ড প্যাকেজ ইনসুরেন্স পলিসির উদ্বোধন করা হয়। এবার থেকে শুধুমাত্র ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বিমার সামান্য টাকা জমা রাখলেই ১ হাজার টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিমার আওতায় আসতে পারবেন ছোট থেকে মাঝারি ধরনের দোকানিরা। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ, চুরি, ডাকাতি, নগদ খোয়া যাওয়া থেকে শুরু করে দোকানের মধ্যে ঘটে যাওয়া যে কোনও দুর্ঘটনায় দোকানির মৃত্যু হলে এই সুবিধা পাওয়া যাবে।
বিগত বছরগুলোয় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও শিলিগুড়িতে বহু ছোট ও মাঝারি দোকানদার অগ্নিকাণ্ড ও দুর্যোগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতদিন তাঁদের মধ্যে অনেকের জমির কাগজ না থাকায় বিমার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। তবে প্রকল্পটি চালু হওয়ার পর তাঁরা ব্যবসার ক্ষেত্রে একপ্রকার সুরক্ষা কবচ পাবেন বলে মনে করছেন সকলে। কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘এই পলিসিটা চালু হওয়ার ফলে ছোট ও মাঝারি দোকানদারদের অনেক সুবিধা হবে।’
এই সুবিধা পাওয়ার জন্য ব্যবসায়ীকে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে ৫ হাজার টাকা দিয়ে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর প্রতি বছর বিমা নবীকরণ হবে। টাকা জমা রাখার একাধিক মাত্রা রয়েছে। প্রতি বছর বিমার জন্য সেই অ্যাকাউন্টে ৯৫ পয়সা রাখলে ১ হাজার টাকা, ৯ টাকা ৫০ পয়সা রাখলে বছরে ১০ হাজার টাকা, ৯ হাজার ৫০০ টাকা রাখলে ১ কোটি টাকা পাওয়া যাবে। উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সমীক্ষা করে কোঅপারেটিভ ব্যাংক জানতে পেরেছে যে, এখানে ৩৮ লক্ষের মতো ছোট ও মাঝারি দোকানদার রয়েছেন। ইতিমধ্যে ব্যাংক এলাকার দোকানিদের উৎসাহিত করতে স্থানীয় ব্যবসায়ী সমিতি, পুরসভা ও পঞ্চায়েতগুলিকে এই বিমার বার্তা দেওয়ার কাজ শুরু করেছে।
