Jaishankar meets Jinping | গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের

Jaishankar meets Jinping | গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ জয়শংকরের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ২০২০ সালের জুনে গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়টি শি জিনপিংয়ের নজরে এনেছেন তিনি।

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে বর্তমানে চিনে রয়েছেন জয়শংকর। পাঁচ বছরে এটাই তাঁর প্রথম চিন সফর। তিনি এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘মঙ্গলবার সকালে বেজিংয়ে এসসিও বিদেশমন্ত্রীদের পাশাপাশি চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গেও দেখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়নের বিষয়ে রাষ্ট্রপতি জিনপিংকে অবগত করেছি।’

অন্যদিকে, সোমবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে ভারতের তরফে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC)-য় উত্তেজনা হ্রাসের বিষয়টি তুলে ধরা হয়। জয়শংকর বলেন, ‘গত নয় মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমরা দারুণ অগ্রগতি অর্জন করেছি। এখন আমাদের উচিত সীমান্ত-সম্পর্কিত অন্য সমস্যাগুলির সমাধান করা।’

গতকাল বেজিংয়ে চিনের উপরাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গেও বৈঠক করেছেন বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে চিনের সঙ্গে খোলামেলা আলোচনার আহ্বান জানান। বর্তমান বিশ্ব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে, রাশিয়া-ইউক্রেন সংঘাত, ইজরায়েল-ইরান বিবাদ। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ। এমন পরিস্থিতিতে এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে সুসম্পর্ক খুবই প্রয়োজনীয়। গালওয়ান সংঘর্ষের পর ভারত-চিন সম্পর্কে অবনতি ঘটেছিল। মাঝে কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাত, দলাই লামা ইস্যুতে ভারত-চিন সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। খোলামেলা আলোচনার মাধ্যমে যাবতীয় বিবাদ মেটানোর বার্তা দিয়েছেন জয়শংকর। চিন এখন এই ব্যাপারে কতটা আগ্রহী হয় সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *