Jaisalmer Bus accident | জয়সলমেরে চলন্তবাসে আগুন, ঝলসে প্রাণ গেল কমপক্ষে ১৯ জনের, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর    

Jaisalmer Bus accident | জয়সলমেরে চলন্তবাসে আগুন, ঝলসে প্রাণ গেল কমপক্ষে ১৯ জনের, দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রীর    

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ বাস দুর্ঘটনা! চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, ঝলসে প্রাণ গেল বহু যাত্রীর। মঙ্গলবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের আর্মি ওয়ার মিউজিয়ামের কাছে জয়সলমের-যোধপুর রোডে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। বেশ কয়েকজন দগ্ধ হয়ে যোধপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা।

জানা গিয়েছে, এদিন বিকেল ৪টে নাগাদ বাসটি দিল্লি থেকে জয়সলমেরের দিকে রওনা দেয়৷ বাসের অধিকাংশ যাত্রী ছিলেন যোধপুরের বাসিন্দা৷ জয়সলমের-যোধপুর রোড দিয়ে যাওয়ার সময় থাইয়াট গ্রামের কাছে বাসটি থেকে ধোঁয়া বের হতে থাকে৷ নিমেষে বাসটিতে আগুন লেগে যায়৷ প্রাণ বাঁচাতে যাত্রীদের অনেকেই চলন্ত বাস থেকে জানলা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন৷ এতেও বেশ কয়েকজন আহত হন৷ যারা বেরোতে পারেননি, তারাই ঝলসে যান। তাতেই মৃত্যু হয় কমপক্ষে ১৯ জনের।

এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। দমকল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে৷ খবর দেওয়া হয় সেনাকেও৷ সেনা জওয়ানরা পৌঁছে উদ্ধার কার্য শুরু করেন। হতাহতদের দ্রুত জেলার সরকারি জওহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দমকলের প্রাথমিক তদন্তে অনুমান, ইঞ্জিনে শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলাশাসক প্রতাপ সিং, পুলিশ সুপার অভিষেক শিভহারে৷ মহকুমা শাসক সক্ষম গোয়েল এবং জেলার অনান্য আধিকারিকরা৷ জেলাশাসক প্রতাপ সিং ঘটনার দুঃখপ্রকাশ করে জরুরি ভিত্তিতে আহতদের চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছেন৷

ভয়াবহ এই বাস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা৷ তিনি জেলাশাসক, পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন৷ একইসঙ্গে আহতদের সবরকম সাহায্যের জন্য আধিকারিকদের নির্দেশ দেন৷ তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি৷ মুখ্যমন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, “জয়সলমেরে বাসে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক৷ এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা রইল৷ আহতদের সব ধরনের সাহায্যের জন্যে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে৷”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *