উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের প্রয়াণের পর তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)। এমনটাই জল্পনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। ঠিক এই আবহেই ইরানকে কার্যত নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে রাখল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার (Israel Threatens Iran)। ইজরায়েলের সাফ বার্তা— খামেনেইয়ের পদে যিনিই স্থলাভিষিক্ত (Ayatollah Khamenei Successor) হোন না কেন, তাঁকেই হত্যা করা হবে।
বুধবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত কড়া পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট জানান, ইরানের ‘সন্ত্রাসবাদী জমানা’ নেতা হিসেবে যাকেই নিয়োগ করুক না কেন, তাঁর লক্ষ্য হবে ইজরায়েলকে ধ্বংস করা। তাই ইজরায়েলের সুরক্ষার স্বার্থেই সেই নতুন নেতাকে খতম করা হবে। কাটজের কথায়, ‘পরবর্তী নেতার নাম যা-ই হোক বা তিনি যেখানেই লুকিয়ে থাকুন, তাঁকে খুঁজে বের করা হবে। তিনি কেবল ইজরায়েল নয়, আমেরিকার জন্যও বিপদ এবং ইরানের সাধারণ মানুষের ওপর দমনপীড়নকারী।’
ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তিনি নিজে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (IDF) প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সহায়তায় ইরানের এই জমানাকে পুরোপুরি ধ্বংস করার অঙ্গীকারও করেছেন তিনি।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেইকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই এই ডামাডোল শুরু হয়। এর আগে আলিরেজা আরাফিকে অন্তর্বর্তীকালীন নেতা করা হলেও, শেষ পর্যন্ত পরিবারের হাতেই ক্ষমতা রাখার সিদ্ধান্ত নিয়েছে তেহরান।
খামেনেই-পুত্রের নাম সামনে আসতেই ইজরায়েলের এই আক্রমণাত্মক মনোভাবে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল। এখন দেখার, ইজরায়েলের এই সরাসরি হুমকির মুখে তেহরান পালটা কী রণকৌশল নেয়।
