উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কি তবে কেবলই খাতায়-কলমে? ফের রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী থাকল লেবানন (Israel Lebanon strike 2026)। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইজরায়েলের (Israel) বিধ্বংসী বিমান হামলায় হেজবোল্লার এক শীর্ষ নেতাসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৪ জন। লেবাননের প্রশাসন ও নিরাপত্তা সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে একটি সংবাদ সংস্থা।
লক্ষ্য ছিল ‘কমান্ড সেন্টার’
ইজরায়েলের দাবি, তারা বেকা উপত্যকায় (Bekaa Valley) হেজবোল্লার একটি গোপন ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে এই নিখুঁত হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হেজবোল্লার সিনিয়র নেতা হুসেইন ইয়াঘি। সে গোষ্ঠিটির প্রাক্তন প্রভাবশালী আইনপ্রণেতা মহম্মদ ইয়াঘির ছেলে। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। স্থানীয় ফুটেজে দেখা গিয়েছে, হামলায় একটি বহুতল আবাসিক ভবন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
Unconfirmed stories: A minimum of three senior Hezbollah officers have been killed in current IDF airstrikes in southern Lebanon’s Beqaa valley. pic.twitter.com/WLlJzRd50X
— Israel Conflict Room (@IsraelWarRoom) February 20, 2026
শরণার্থী শিবিরেও হামলা
বেকা উপত্যকার পাশাপাশি শুক্রবার বন্দরনগরী সাইদনের ‘আইন এল-হিলওয়ে’ প্যালেস্তাইন শরণার্থী শিবিরেও হামলা চালায় ইজরায়েলি যুদ্ধবিমান। জানা গিয়েছে, সেখানে হামাসের দুই সদস্য নিহত হয়েছে। ইজরায়েল একে ‘হামাস কমান্ড সেন্টার’ বলে দাবি করলেও হামাস সেই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, ভবনটি আসলে প্যালেস্তাইনের বিভিন্ন গোষ্ঠীর যৌথ নিরাপত্তা বাহিনীর কার্যালয় ছিল।
হুমকির মুখে যুদ্ধবিরতি
এক বছরেরও বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘাতের পর ২০২৪ সালে আমেরিকার হস্তক্ষেপে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এই হামলা সেই চুক্তির ভবিষ্যৎ নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে পূর্ব লেবাননে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পালটা অভিযোগ তুলছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে অশান্তির দাবানল জ্বালিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
