উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত আইপিএল মরসুমে ১৪৪ স্ট্রাইক রেটে ৬৫৭ রান করে দলকে প্রথমবার ট্রফি এনে দিয়েছিলেন বিরাট কোহলি। ২০২৬-এর মরসুম (IPL 2026) শুরুর আগে ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই একই ছন্দে ধরা দিলেন ‘কিং কোহলি’। বৃহস্পতিবার নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরালেন তিনি। স্পিনারদের শাসন করলেও অভিজ্ঞ ভুবনেশ্বর কুমারের মারণ ইয়র্কারে কিছুটা রক্ষণাত্মক মেজাজে দেখা গেল তাঁকে।
বৃহস্পতিবার কোহলির অনুশীলনের একটি ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। বেঙ্গালুরুর দুই স্পিনার স্বপ্নিল সিং ও সূযশ শর্মার বলে একের পর এক বিশাল ছক্কা হাঁকাতে দেখা যায় বিরাটকে। কখনও ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে, আবার কখনও দাঁড়িয়ে থেকেই অনায়াসে বল গ্যালারিতে পাঠাচ্ছিলেন তিনি। পেসার বেঙ্কটেশ আইয়ার ও রসিক দারের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে চেনা কভার ড্রাইভ ও লফটেড শট দেখা গিয়েছে।
অনুশীলনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল ভুবনেশ্বর কুমারের স্পেল। ৩৬ বছর বয়সেও ভুবির সুইং ও নিয়ন্ত্রিত বোলিং কোহলিকে কিছুটা সমস্যায় ফেলে। বিশেষ করে বিরাটের পা লক্ষ্য করে করা একটি নিখুঁত ইয়র্কার সামলাতে হিমশিম খান প্রাক্তন আরসিবি অধিনায়ক। শেষ মুহূর্তে কোনওরকমে পা সরিয়ে উইকেট বাঁচান তিনি। বলটি পাশে পড়ে থাকা একটি ব্যাটে লাগলে হাসিমুখে ভুবনেশ্বরের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় বিরাটকে। দুই পুরনো সতীর্থের এই লড়াই ভক্তদের নস্টালজিক করে তুলেছে।
আগামী মরসুমের প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয় দিয়ে মরসুম শুরু করাই এখন প্রধান লক্ষ্য কোহলির। গতবারের পারফরম্যান্স ধরে রেখে দলকে আবারও সাফল্যের শিখরে নিয়ে যেতে অনুশীলনে কোনও খামতি রাখছেন না আধুনিক ক্রিকেটের এই মহাতারকা।
