মুম্বই: ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট নিয়ে উত্তেজনা বাড়ছে। ‘টেস্ট উত্তাপ’-এর মাঝেই আগামী আইপিএলের জন্য দল গুছিয়ে নিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি। ক্রিকেট মহলের চর্চার কেন্দ্রবিন্দু অবশ্য আন্দ্রে রাসেল। ১০ বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সদস্য বিস্ফোরক ক্যারিবিয়ান অলরাউন্ডার রাসেলকে নিলামের আগে ছেড়ে দেওয়া হল। সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে গত বছর নিলামে চমকে দিয়ে ২৩.৭৫ কোটি টাকায় নাইট শিবিরে ফেরত আসা ভেঙ্কটেশ আইয়ারকে। গত আইপিএলে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারাই মধ্যপ্রদেশের ক্রিকেটারের বিপক্ষে গিয়েছে। কেকেআর ধরে রাখেনি চার বিদেশি আনরিখ নর্তজে (৬.৫ কোটি টাকা), কুইন্টন ডি কক (৩.৬ কোটি), মইন আলি (২ কোটি) ও স্পেনসার জনসনকে (২ কোটি)। যার সুবাদে আসন্ন নিলামে সর্বাধিক ৬৪.৩ কোটি টাকা পকেটে নিয়ে টেবিলে বসার সুযোগ পাবে কেকেআর।
তবে সবকিছু ছাপিয়ে সামনে আসছে রাসেলকে ছেড়ে দেওয়া। আইপিএলে ১৪০ ম্যাচের কেরিয়ারে ২৬৫১ রান করেছেন। নিয়েছেন ১২৩ উইকেট। যার সিংহভাগটাই এসেছে নাইটদের হয়ে। অবশ্য গত বছর সেই ফর্ম তিনি ধরে রাখতে পারেননি। ১০ ইনিংসে রাসেল করেন ১৬৭ রান। ১১.৯৪ ইকোনমি রেটে ২০২৫ আইপিএলে মাত্র ৮ উইকেট তিনি তুলতে পেরেছেন। সেইসঙ্গে ৩৭ বছর বয়সটা ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলাও তাঁর বিপক্ষে গিয়েছে।
শনিবার আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র জাদেজা ও স্যাম কুরানকে ছেড়ে রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে দলে নিল চেন্নাই সুপার কিংস। কুরানকে সঙ্গে নিয়ে নিজের প্রাক্তন দল রাজস্থানে ফিরলেন জাদেজা। চেন্নাইয়ে থাকার সময় ১৮ কোটি টাকা পেতেন জাদেজা। কিন্তু রাজস্থান থেকে তিনি পাবেন ১৪ কোটি টাকা। উলটোদিকে চেন্নাইয়ে যোগ দেওয়ার পরেও সঞ্জুর বেতন ১৮ কোটিই থাকছে।
দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হিসেবে সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা করছিল চেন্নাই। অবশেষে সেই লক্ষ্যে সফল তারা। তবে জাদেজাকে ছেড়ে দেওয়ায় অবাক চেন্নাইয়ের সমর্থকরা। গত ১২ বছর ধরে হলুদ জার্সিতে আইপিএল মাতিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। জানা যাচ্ছে, ধোনির সঙ্গে আলোচনা করে চেন্নাই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাদেজা।
