উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জোফরা আর্চারের অনবদ্য অলরাউন্ড পারফরম্যান্সের ওপর ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে (MI) ৩০ রানে হারিয়ে আইপিএলের (IPL) প্লে-অফের টিকিট নিশ্চিত করল রাজস্থান রয়্যালস (RR)। রবিবার এই জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্লে-অফ লাইন-আপ সম্পন্ন করল রাজস্থান।
টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস নির্ধারিত ২০ ওভারে ২০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্স শুরু থেকেই চাপে ছিল। দলের হয়ে সূর্যকুমার যাদব লড়াই চালানোর চেষ্টা করেন। সূর্যকুমার ৬০ রানের ইনিংস খেলেন এবং উইল জ্যাকসের (৩৩) সঙ্গে চতুর্থ উইকেটে ৬৩ রান ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (৩৪) সঙ্গে ষষ্ঠ উইকেটে ৪৮ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে রাজস্থানের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত মুম্বাইয়ের ইনিংস থামে ১৭৫ রানে ৯ উইকেট হারিয়ে।
বল হাতে জোফরা আর্চার ছিলেন একাই একশো। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে মুম্বাইয়ের জয়ের আশা শেষ করে দেন তিনি। ব্যাট হাতেও তিনি দলের জয়ে বড় অবদান রেখেছেন।
রাজস্থানের জয়ের ফলে আইপিএলের প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেল। রাজস্থান রয়্যালসের পাশাপাশি তালিকায় থাকা অন্য তিন দল হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটানস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থানের এই জয়ের ফলে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল জয়ের দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে ছিটকে গেল।
