উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলে পেটের সমস্যা। তবে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বাড়ে ঋতুস্রাবের দিনগুলিতে। ঋতুস্রাব চলাকালীন শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যের অভাব ঘটে। এর ফলে কোষে কোষে জল ও নুন জমে শরীর ফুলে যায়, যাকে আমরা সাধারণ ভাষায় ‘ব্লোটিং’ বা গ্যাস হওয়া বলি (Interval Bloating)।
মুঠো মুঠো ওষুধ না খেয়ে ঘরোয়া উপায়েই এই অস্বস্তি দূর করা সম্ভব। রইল ৫টি জাদুকরী খাবারের খোঁজ।
মৌরি: খাওয়ার পর সামান্য মৌরি চিবিয়ে নিন। এর উপাদানগুলি পাকস্থলীর পেশিকে শিথিল করে গ্যাস বের করে দিতে সাহায্য করে।
জোয়ান: এর থাইমল উপাদান পাকস্থলীতে বিশেষ রস নিঃসরণ করে, যা গ্যাস দূর করতে কার্যকর। জোয়ান ভেজানো জল খেলে পিরিয়ডের যন্ত্রণাও অনেকটা লাঘব হয়।
আদা: আদায় রয়েছে প্রদাহরোধী উপাদান। এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেলে বা আদা দেওয়া চা পান করলে পেটের ফাঁপাভাব দ্রুত কমে।
কলা: পটাশিয়াম ও ভিটামিন বি৬ সমৃদ্ধ কলা শরীরের বাড়তি সোডিয়াম বের করে দেয়। ফলে শরীরে জল জমতে পারে না এবং পেট ফোলাভাব কমে।
গুড়: অ্যাসিডের ভারসাম্য রক্ষায় গুড় অতুলনীয়। এতে থাকা পটাশিয়াম শরীরকে আর্দ্র রাখে এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণ করে।
সতর্কবার্তা
দীর্ঘদিনের ক্রনিক সমস্যা থাকলে ডায়েটে বড় কোনও বদল আনার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ খাদ্যাভ্যাসই হোক আপনার সুস্থতার চাবিকাঠি।
