নয়াদিল্লি: জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার (Inflation Fee) এক ধাক্কায় কমে হল ৪.৩১ শতাংশ। গত ডিসেম্বরে এই হার ছিল ৫.২২ শতাংশ। ২০২৪-এর জানুয়ারিতে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৫.১ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার কমে ৬.০২ শতাংশ হয়েছে। ডিসেম্বরে এই হার ছিল ৮.৩৯ শতাংশ এবং ২০২৪-এর জানুয়ারিতে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ৮.৩ শতাংশ। খাদ্যপণ্যের খুচরো মূল্য কমায় তা সার্বিক মূল্যবৃদ্ধির হার কমাতে বড় ভূমিকা নিয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার লক্ষ্যমাত্রা হল মূল্যবৃদ্ধির হার ২-৬ শতাশের মধ্যে বেঁধে রাখা। সেই লক্ষ্যমাত্রা পূরণে অনেকাংশেই সফল হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহেই রেপো রেট ০.২৫ শতাংশ কমিয়েছে আরবিআই। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকলে আগামী দিনে রেপো রেট আরও কমানো হতে পারে বলে আশাপ্রকাশ করেছেন বিশেজ্ঞরা।
মূল্যবৃদ্ধির হার কমলেও শিল্প বৃদ্ধির হার কমেছে। বুধবার কেন্দ্র জানিয়েছে, ডিসেম্বরে শিল্প বৃদ্ধির হার কমে ৩.২ শতাংশ হয়েছে। নভেম্বরে এই হার ছিল ৫.২ শতাংশ।
