উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কেবল ২২ গজের লড়াই নয়, তার বাইরেও থাকে মনস্তাত্ত্বিক চাপ। রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণের আগে সংবাদ সম্মেলনে ঠিক সেই মেজাজেই ধরা দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। করমর্দন বিতর্ক থেকে শুরু করে প্রথম একাদশ— প্রতিটি বাউন্সারে সূর্যের ব্যাট চলল নিজস্ব ঢঙেই।
হাত মেলানোয় ‘সাসপেন্স’
এশিয়া কাপের সেই আলোচিত করমর্দন বিতর্ক তাড়া করে বেরাচ্ছে বিশ্বকাপকেও। রবিবার কি দুই দলের অধিনায়ক হাত মেলাবেন? পাক অধিনায়ক সালমান আগা বল ঠেলেছেন ভারতের কোর্টে। আর সূর্য কুমারের সপাট জবাব, “২৪ ঘণ্টা অপেক্ষা করুন। আপাতত ভাল করে খাব আর ঘুমোব, সিদ্ধান্ত কাল মাঠেই হবে।”
অভিষেক শর্মা এবং কুলদীপ যাদবের খেলা নিয়ে প্রশ্ন করা হলে সূর্য কিছুটা মজার ছলেই বলেন, “পাকিস্তান যদি চায় অভিষেক খেলুক, তবে খেলিয়ে দেব! আর আপনি যদি চান কুলদীপ খেলুক, তবে ওকেও নামিয়ে দেব।”
চাপের কথা স্বীকার, বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা
ভারত-পাকিস্তান ম্যাচকে ‘আর পাঁচটা সাধারণ ম্যাচ’ বলে উড়িয়ে দেওয়ার পথে হাঁটেননি সূর্য। স্পষ্টই স্বীকার করে নিয়েছেন যে, এই ম্যাচে চাপ থাকবেই। কলম্বোর আকাশে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দমে নেই ভারত অধিনায়ক। চেনা মাঠ, চেনা পিচ— তাই কন্ডিশন নিয়ে বিশেষ চিন্তিত নন তিনি। তার সাফ কথা, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন (বোলার) এলেও ভারত আত্মসমর্পণ করবে না।
বুমরাহ-কৌশল ও আমেরিকার ধাক্কা
আগের ম্যাচে জসপ্রীত বুমরাহকে পাওয়ার প্লে-তে কম ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠলে সূর্য জানান, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপের কৌশল আলাদা। প্রতিপক্ষ বুঝে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে হোঁচট খাওয়াকে বড় শিক্ষা হিসেবে দেখছেন তিনি। কোনো অজুহাত না দিয়ে সূর্যের দাবি, সেই ধাক্কা সামলে দল এখন আরও পরিণত।
The put up India vs Pakistan | মেজাজি সূর্য, রহস্যময় পাকিস্তান! মাঠের লড়াইয়ের আগেই হ্যান্ডশেক ইস্যুতে ‘সাসপেন্স’ তুঙ্গে appeared first on Uttarbanga Sambad.
