উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ইডেনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচের দুদিন আগেই ঘোষিত ১৫ জনের দল থেকে একজন ক্রিকেটারকে ছেড়ে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শুধু স্কোয়াড থেকে বাদ দেওয়াই নয়, তাঁকে কলকাতা ছাড়ার নির্দেশে দিয়েছে বিসিসিআই। সেই ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে দলে থাকবেন ১৪ জন। তবে সরকারিভাবে এখনও এই নির্দেশিকা জারি করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারতীয় দল সূত্রে খবর, ইডেন টেস্টের দলে থাকছেন না অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। বুধবার দলের সঙ্গে ইডেনে অনুশীলনেও এসেছিলেন নীতীশ। অনুশীলনের মাঝেই তাঁকে জানিয়ে দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। জানিয়ে দেওয়া হয় যে, ইডেন টেস্টের দলে তিনি থাকবেন না। থাকতে পারবেন না ইডেনেও। নীতীশকে রাজকোটে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’। তিনটি ম্যাচই হবে রাজকোটে। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন নীতীশ। ১৩, ১৬ ও ১৯ নভেম্বর তিনটি ম্যাচ। সেখানে খেলতে পারেন নীতীশ।
সম্প্রতি চোট সারিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই দলে ফিরেছিলেন নীতীশ। সরাসরি ভারতের টেস্ট দলে না নিয়ে ভারত ‘এ’ দলের হয়ে এক দিনের সিরিজ খেলিয়ে তৈরি করতে চাইছেন গম্ভীরেরা। তা ছাড়া ভারতের মাটিতে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি। তেমনটা হলে নীতীশের জায়গা প্রথম একাদশে হওয়া কঠিন। সেই কারণেই হয়তো নীতীশকে ছেড়ে দিয়েছে দল। এই পরিস্থিতিতে বোর্ড চাইছে না নীতীশকে বসিয়ে রাখতে।
ইডেনে সাংবাদিক বৈঠকে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, “ধ্রুব জুরেল যে ফর্মে রয়েছেন, তাতে তাঁকে প্রথম একাদশের বাইরে রাখা কঠিন। সত্যি বলতে ওকে এই টেস্টের বাইরে রাখা সম্ভব নয়। তবে ১১ জনকেই বেছে নিতে পারব। প্রথম একাদশ নিয়ে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। তাই কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে। গত ছ’মাসে ধ্রুব খুবই ভাল খেলেছে। গত সপ্তাহে বেঙ্গালুরুতে জোড়া শতরান করেছে। ওর খেলা প্রায় নিশ্চিত।”
দুশখাতে আরও বলেন, “দলের জয়ের জন্য কৌশল তৈরি করাই আমাদের আসল কাজ। নীতীশকে নিয়ে আমাদের কৌশলে কোনও বদল হয়নি। অস্ট্রেলিয়ায় ও খুব বেশি ম্যাচ খেলতে পারেনি। তবে এই সিরিজের গুরুত্ব যা এবং যে রকম পরিস্থিতির সামনে পড়তে চলেছি, তাতে এই টেস্টে নীতীশের খেলার সম্ভাবনা খুবই কম।” তার পরেই জানা গিয়েছে, নীতীশকে ছেড়ে দিয়েছে ভারতীয় দল।
