নাগপুর: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি (IND-NZ T20 Collection) ম্যাচে দাপুটে পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। বুধবার নাগপুরে কিউয়িদের ৪৮ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন সূর্যকুমার যাদবেরা। অভিষেক শর্মার বিধ্বংসী ৮৪ এবং রিঙ্কু সিংয়ের ঝোড়ো ফিনিশিংয়ে ভর করে ২৩৮ রানের রেকর্ড স্কোর গড়ে ভারত। জবাবে ১৯০ রানেই থমকে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরুতেই ধাক্কা খায় ভারত। সঞ্জু স্যামসন (১০) এবং দীর্ঘদিন পর দলে ফেরা ঈশান কিষাণ (৮) দ্রুত সাজঘরে ফেরেন। মাত্র ২৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলেন অভিষেক শর্মা ও সূর্যকুমার যাদব। সূর্য ২২ বলে ৩২ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তবে আসল তাণ্ডব চালান অভিষেক। মাত্র ৩৫ বলে ৮৪ রানের ইনিংসে ৫টি চার ও ৮টি ছক্কায় কিউয়ি বোলিংকে ছারখার করে দেন তিনি।
অভিষেকের তৈরি করা মঞ্চে দাঁড়িয়ে শেষবেলায় ঝড় তোলেন রিঙ্কু সিং। সাত নম্বরে নেমে ২০ বলে অপরাজিত ৪৪ রানের (৪টি চার, ৩টি ছয়) ক্যামিও খেলেন তিনি। হার্দিক পাণ্ড্য করেন ২৫ রান। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটে ২৩৮ রান তোলে। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ও কাইল জেমিসন ২টি করে উইকেট নেন।
২৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানেই ২ উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে (০) ও রাচিন রবীন্দ্রকে (১) দ্রুত ফেরান অর্শদীপ ও হার্দিক। তবে গ্লেন ফিলিপ্স (৭৮) ও মার্ক চাপম্যান (৩৯) পালটা লড়াই শুরু করেছিলেন। তাঁদের ৭৯ রানের জুটি ভেঙে ভারতকে স্বস্তি দেন অক্ষর প্যাটেল। বরুণ চক্রবর্তী ২টি ও শিবম দুবে শেষ ওভারে ২ উইকেট তুলে নিলে কিউয়িদের ইনিংস ১৯০ রানেই শেষ হয়।
এদিনের ম্যাচে তিনটি গুরুত্বপূর্ণ নজির গড়ল ভারতীয় দল। ১. টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এটিই ভারতের সর্বোচ্চ রান (২৩৮/৭)। ২. কিউয়ি বোলারদের বিরুদ্ধে ইনিংসে ১৪টি ছক্কা মারল ভারত, যা এই প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বোচ্চ। ৩. আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে ৪৪ বার ২০০ বা তার বেশি রান করার বিশ্বরেকর্ড গড়ল ভারত। এর মধ্যে গত বিশ্বকাপের পর থেকেই এসেছে ১১টি ২০০+ স্কোর।
