উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) যতক্ষণ ক্রিজে থাকেন, ভারত ততক্ষণ জয়ের স্বপ্ন দেখে। আজ (IND-NZ ODI Sequence) ইন্দোরেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ১২৪ রানের লড়াকু ইনিংস খেলেও দলকে জেতাতে পারলেন না ‘চেজমাস্টার’। নিউজিল্যান্ডের ৩৩৭ রানের পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে ভারতের ইনিংস শেষ হলো ২৯৬ রানে। ৪১ রানে ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল নিউজিল্যান্ড। ভারতের মাটিতে এই প্রথম ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস গড়ল কিউয়িরা।
বোলিং বিপর্যয়ে কিউয়ি দাপট: টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। শুরুতে ৫ রানে ২ উইকেট তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন অর্শদীপ ও হর্ষিত রানা। কিন্তু এরপরই শুরু হয় ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের তাণ্ডব। চতুর্থ উইকেটে ২১৯ রানের রেকর্ড জুটি গড়েন তাঁরা। মিচেল খেলেন ১৩৭ রানের ঝকঝকে ইনিংস, অন্য প্রান্তে ফিলিপস করেন ১০৬ রান। ভারতের বোলিংয়ে এদিন শৃঙ্খলার অভাব ছিল স্পষ্ট। বিশেষ করে রবীন্দ্র জাদেজার উইকেটহীন থাকা এবং গুরুত্বপূর্ণ সময়ে কুলদীপ যাদবের লাইন হারানো চিন্তা বাড়াল টিম ইন্ডিয়ার।
ব্যর্থ টপ অর্ডার, একাই লড়লেন বিরাট: ৩৩৮ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অধিনায়ক শুভমান গিল এবং রোহিত শর্মা দুজনেই রান পাননি। রোহিত ফিরলেন মাত্র ১১ রানে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল ব্যর্থ হওয়ায় দায়িত্ব কাঁধে তুলে নেন কোহলি। নীতিশ কুমার রেড্ডি (৫৩) তাঁকে যোগ্য সঙ্গ দিলেও পার্টনারশিপ বেশিক্ষণ টেকেনি। কেরিয়ারের ৮১তম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করার পর ১২৪ রানে বিরাট আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়।
ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন: ঘরের মাঠে এই সিরিজ হার ভারতীয় ক্রিকেটের জন্য বছরের শুরুতেই বড় ধাক্কা। শুভমান গিলের নেতৃত্ব যেমন আতসকাঁচের তলায়, তেমনই রোহিত শর্মার ফর্ম এবং জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জসপ্রীত বুমরাহহীন বোলিং অ্যাটাক যে কতটা অসহায়, তা আরও একবার প্রমাণ হলো ইন্দোরে।
