উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে সেই মহাকাব্যিক ৯৭ রানের ইনিংসের পর এখন সব লাইমলাইট সঞ্জু স্যামসনের (Sanju Samson) ওপর। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মহারণে নামার আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি থেকে বড় স্বীকৃতি পেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার (ICC T20 Rankings)। ব্যাটারদের টি-টোয়েন্টি ক্রমতালিকায় এক ধাক্কায় ২৫ ধাপ এগিয়ে এসেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে চাপের মুখে ম্যাচ জেতানো ইনিংস খেলার সুবাদে সঞ্জু এখন ৫৪৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের ৪০ নম্বরে উঠে এসেছেন। টুর্নামেন্টের শুরুতে অনেক পেছনে থাকলেও তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সেমিফাইনালের আগে আইসিসির এই স্বীকৃতি সঞ্জুর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সঞ্জুর উত্থান নজর কাড়লেও তালিকার এক নম্বর জায়গাটি এখনও ভারতেরই দখলে। বিশ্বকাপে টানা কয়েকটি ম্যাচে রান না পেলেও ৮৭৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অভিষেক শর্মা। তবে ভারতীয় ব্যাটারদের লড়াইয়ের মাঝেই এক ধাপ উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এক ধাপ নেমে তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
আইসিসি তালিকায় প্রথম দশের মধ্যে ভারতের দাপট অব্যাহত। এক ধাপ উঠে চার নম্বরে রয়েছেন ঈশান কিষন। ষষ্ঠ স্থানে রয়েছেন তরুণ তুর্কি তিলক বর্মা। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব এক ধাপ নেমে গিয়ে বর্তমানে সাত নম্বরে অবস্থান করছেন। সব মিলিয়ে সেমিফাইনালের আগে র্যাঙ্কিংয়ের বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত।
