নয়াদিল্লি ও লাহোর: বুধবার শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বৃহস্পতিবার রোহিত শর্মার ভারতের প্রথম ম্যাচ। যেখানে প্রতিপক্ষ বাংলাদেশ। এসবকে ছাপিয়ে এখন থেকেই রবিবারের মহারণের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। ক্রিকেট দুনিয়ায় ইন্দো-পাক মহারণের সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে আলোচনা ও জল্পনা। কেউ এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়াকে। আবার কারও বাজি পাকিস্তান। ইমরান খানের দেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ যেমন আজ এক ইউটিউব চ্যানেলে দাবি করেছেন, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির রবিবারের মহারণে ফেভারিট পাকিস্তান। কেন? নিজের মতো করে যুক্তি দিয়ে প্রাক্তন পাক অধিনায়ক ইউসুফ বলেছেন, ‘ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে দল হিসেবে দারুণ খেলেছি আমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে আমাদের দল হিসেবে ছন্দ ধরে রাখতে হবে। বর্তমান পাকিস্তান দলের যা ভারসাম্য ও শক্তি, আমি বিশ্বাস করি ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের। ভারতের বিরুদ্ধে ম্যাচে তো বটেই, আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির ফেভারিট দল পাকিস্তান।’
প্রাক্তন পাক অধিনায়কের পর্যবেক্ষণ বাস্তবে সফল হবে কি না, আগামী রবিবারই প্রমাণ হয়ে যাবে। তার আগে আজ সমাজমাধ্যমে ভারত-পাক মহারণ নিয়ে যুবরাজ সিং ও শাহিদ আফ্রিদির জোরদার লেগে গিয়েছে। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা যুবরাজের মনে হচ্ছে, রবিবারের ভারত-পাক মহারণে ব্যাট হাতে দলকে ভরসা দেবেন শুভমান গিল। আর বল হাতে ম্যাচ জেতাবেন মহম্মদ সামি। অন্যদিকে, আফ্রিদির মনে হচ্ছে পাকিস্তান জিতবে রবিবারের মহারণ। আর সেই ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করবেন বাবর আজম। আর বল হাতে ভারতীয় ব্যাটিংকে ভাঙবেন তাঁর জামাই শাহিন শা আফ্রিদি। প্রাক্তন পাক অধিনায়কের কথায়, ‘রবিবার দুর্দান্ত একটা ম্যাচ হতে চলেছে। আর সেই ম্যাচে পাকিস্তানই জিতবে বলে আমার বিশ্বাস। ব্যাট হাতে ম্যাচে সবচেয়ে বেশি রান করবে বাবর। আর বল হাতে ভারতীয় ব্যাটিংকে ভাঙবে শাহিন।’
আফ্রিদির মন্তব্যের পালটা দিয়েছেন যুবরাজ। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের মনে হচ্ছে, রবিবারের ম্যাচে টিম ইন্ডিয়া নিশ্চিত ফেভারিট। যুবরাজের কথায়, ‘রবিবার ফেভারিট হিসেবে ভারতই শুরু করবে। আর দলের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করবে শুভমান। বল হাতে পাকিস্তানকে ভাঙবে সামি। মিলিয়ে নেবেন আমার কথা।’ প্রাক্তনদের পূর্বাভাসের যুদ্ধের আবহে রবিবারের ভারত-পাক মহারণের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোন পথে যায়, সেটাই দেখার।
