উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের আগে আইপ্যাক (I-PAC Case)-এর দপ্তর এবং সংস্থার কর্ণধারের বাড়িতে ইডি (ED) অভিযান চালিয়ে তৃণমূলের রাজনৈতিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে—এমন অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। ওই নথি সংরক্ষণের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করে শাসক দল। তবে, বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সময় ইডি-র তরফে স্পষ্ট জানানো হয় যে, তারা কোনও নথিই বাজেয়াপ্ত করেনি। এই দাবির প্রেক্ষিতেই হাইকোর্ট তৃণমূলের করা মামলাটির নিষ্পত্তি করে দেয়, যার ফলে তৃণমূলের অভিযোগ কার্যত প্রশ্নের মুখে পড়ল।
বুধবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি-র দায়ের করা মামলার পাশাপাশি তৃণমূলের দায়ের করা মামলারও শুনানি ছিল। তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ইডি-র পক্ষে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু।
শুনানির সময় এসভি রাজু দাবি করেন, সল্টলেক সেক্টর ফাইভে আইপ্যাকের অফিস এবং লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি। তিনি আরও দাবি করেন, যাবতীয় নথি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ইডি-র এই দাবির পরই তৃণমূলের আইনজীবী অনুরোধ করেন যে, নথি বাজেয়াপ্ত করা হয়নি বলে ইডি যে বক্তব্য পেশ করেছে, তা যেন রেকর্ড করা হয়।
অন্যদিকে, আইপ্যাক সংক্রান্ত বিষয়ে ইডি-র দায়ের করা মামলার শুনানি এদিন মুলতুবি রাখা হয়েছে। বিচারপতি জানিয়েছেন, যেহেতু এই বিষয়ে সুপ্রিম কোর্টে ইডি-র দায়ের করা একটি মামলার শুনানি রয়েছে, তাই শীর্ষ আদালতের ওই মামলার গতিপ্রকৃতি দেখেই হাইকোর্টে ফের শুনানি হবে। যদিও শুনানির শুরুতেই ইডি-র তরফেই এই মামলার শুনানি মুলতুবি রাখার আর্জি জানানো হয়েছিল।
জানা গেছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে ইডি-র দায়ের করা মামলার শুনানি হওয়ার কথা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে বেলা সাড়ে ১১টা নাগাদ এই মামলার শুনানি শুরু হবে বলে খবর। এদিকে, সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এই মামলা নিয়ে ক্যাভিয়েট দাখিল করে রেখেছে তৃণমূল কংগ্রেস (TMC)।
