উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের হয়ে অস্কারের দৌড়ে থাকা ছবি ‘হোমবাউন্ড’ এবার জড়িয়ে পড়ল আইনি জটিলতায় (Homebound)। করণ জোহরের প্রযোজিত এই ছবির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ (Plagiarism allegations) এনেছেন সাংবাদিক তথা লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালা (Puja Changoiwala)। তাঁর দাবি, ২০২১ সালে প্রকাশিত তাঁর জনপ্রিয় উপন্যাস ‘হোমবাউন্ড’-এর থেকে ছবির গল্প এবং এমনকি শিরোনামটিও হুবহু নকল করা হয়েছে। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর তোলপাড় শুরু হয়েছে বিনোদন দুনিয়ায়।
লেখিকা পূজা ছাঙ্গোইওয়ালার অভিযোগ, ছবিটির দ্বিতীয়ার্ধের দৃশ্য, সংলাপ এবং বর্ণনার গঠন তাঁর বইয়ের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। তিনি গত অক্টোবর মাসেই এই বিষয়ে প্রযোজনা সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তিনি জানিয়েছেন, করোনা অতিমারির সময় পরিযায়ী শ্রমিকদের সংকটের যে প্রেক্ষাপটে তাঁর উপন্যাসটি লেখা হয়েছিল, করণের প্রযোজনা সংস্থা সেই একই সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে তাঁর অনুমতি ছাড়াই ছবি নির্মাণ করেছে।
অন্যদিকে, এই অভিযোগ অস্বীকার করেছে করণের সংস্থা। তাদের দাবি, সিনেমাটি ২০২০ সালের একটি বিদেশি সংবাদমাধ্যমের নিবন্ধ দ্বারা অনুপ্রাণিত। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি এখন আইনগতভাবে মোকাবিলা করা হচ্ছে, তাই এই মুহূর্তে প্রকাশ্যে কোনও মন্তব্য করা সম্ভব নয়। এদিকে, পূজা ছাঙ্গোইওয়ালা ইতিমধ্যেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, নীরজ ঘাওয়ান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ঈশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর অস্কারের ‘সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্যের ছবি’ বিভাগে মনোনীত হয়েছে ‘হোমবাউন্ড’। তবে এই আইনি লড়াই অস্কারের দৌড়ে কোনও প্রভাব ফেলে কি না, এখন সেটাই দেখার। বিনোদন জগতের এই হাই-প্রোফাইল মামলার দিকে নজর রয়েছে সকলের।
