কিশনগঞ্জ: বিহারের কিশনগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ থানা এলাকার সরান্ডা গ্রামে জমি খননের সময় উদ্ধার হল এক প্রাচীন ভগবান বিষ্ণুর মূর্তি (Historical Vishnu Idol)। মঙ্গলবার সন্ধ্যায় এই অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি (Archaeological Discovery) মাটি খুঁড়ে বের করার পর তা ঘিরে এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। কষ্টি পাথরের তৈরি এই প্রাচীন মূর্তিটি (Lord Vishnu Statue) দর্শনের জন্য দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় সরান্ডা গ্রামের একটি খেতে মাটি খননের কাজ চলছিল। সেই সময় মাটি বোঝাই করার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের চালক হঠাৎই মাটির নিচে প্রাচীন এই মূর্তিটির সন্ধান পান। অভিযোগ, প্রথমদিকে বিষয়টি গোপন রেখে চালক মূর্তিটি নিজের গ্রাম রামচর ভরোদহ-তে নিয়ে যান।
বুধবার সকালে খবরটি জানাজানি হতেই রামচর ভরোদহ গ্রামের ওই ট্রাক্টর চালকের বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে মূর্তিটি প্রতিষ্ঠা করে ধূপ-দীপ জ্বেলে পূজা-অর্চনা শুরু করে দিয়েছেন। কোষ্ঠী পাথরের তৈরি বিষ্ণু মূর্তিটি ঠিক কতটা প্রাচীন, তা নিয়ে কৌতূহল ছড়িয়েছে।
মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার বিকেল পর্যন্ত কোনো পদক্ষেপ দেখা যায়নি। এদিন কিশনগঞ্জের ঠাকুরগঞ্জে বিহারের মুখ্যমন্ত্রীর একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় জেলা প্রশাসনের আধিকারিকরা সেখানে ব্যস্ত ছিলেন। ফলে প্রত্নতত্ত্ব বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো আধিকারিক এই প্রাচীন নিদর্শনের সুরক্ষায় কোনো মন্তব্য করতে পারেননি। এখন দেখার, ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে প্রশাসন এই মূর্তিটি উদ্ধার করে মিউজিয়ামে রাখে নাকি গ্রামবাসীদের আরাধনার অধিকারই বহাল থাকে।
