Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি

Hili | হিলি পুলিশের ‘পথপ্রদর্শক’ হয়ে সিআরপিএফ-এ নাম লেখালেন কৃষক-পুত্র রকি

শিক্ষা
Spread the love


বিধান ঘোষ, হিলি: সীমান্তের পাড়াগাঁয়ে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশিক্ষণ নেওয়া কার্যত বিলাসিতা। বিশেষ করে কৃষক, চায়ের দোকানির ছেলেমেয়েদের পক্ষে সেই প্রশিক্ষণের খরচ জোগানও দুঃস্বপ্নের। তবে গত বছর থেকেই তাঁদের কথা ভেবে উদ্যোগী হয়েছিল হিলি (Hili) থানার পুলিশ৷ এবার সেই প্রশিক্ষণকেন্দ্র থেকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে (CRPF) যোগ দিচ্ছে রকি ওরাওঁ।

সীমান্তের তরুণ প্রজন্মকে সরকারি চাকরির প্রশিক্ষণ দিয়ে অপরাধজগৎ থেকে রাশ টানতে উদ্যোগী হয়েছিল হিলি থানার পুলিশ। সেই সুবাদেই গতবছর ২৫ এপ্রিল থেকে ‘পথপ্রদর্শক’ নামে একটি বিনামূল্যে সরকারি চাকরির প্রশিক্ষণকেন্দ্রের সূচনা করে তারা। থানার সভাকক্ষে ক্লাসরুম এবং থানা চত্বরে শারীরিক কসরতের জায়গা তৈরি করে প্রশিক্ষণ শুরু হয়। সেখানে স্থানীয় সাতজন প্রাক্তন সেনা জওয়ান, শিক্ষক, থানার আইসি স্বয়ং এবং দুজন সাব-ইনস্পেকটর ৪০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেন।

ওই প্রশিক্ষণ থেকে গত কয়েক মাসে কেন্দ্র, রাজ্যের বিভিন্ন পরীক্ষায় বসেন তরুণ-তরুণীরা। সেখান থেকেই হিলি থানার ৫ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের সিদাই গ্রামের রকি ওরাওঁ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে আগামী ২৪ তারিখে যোগদানের জন্য চূড়ান্ত হয়েছেন।

রকির এই সাফল্যে ওই প্রশিক্ষণকেন্দ্রে খুশির মহল তৈরি হয়েছে। এছাড়াও ওই কেন্দ্র থেকে চারজন সাব-ইনস্পেকটর ও পাঁচজন কনস্টেবলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

রকি বলেন, ‘পাশ কোর্সে গ্র্যাজুয়েশন করেছিলাম। তারপরে গত সাত মাস আগে পথপ্রদর্শকে যোগ দিয়ে প্রশিক্ষণ নিই। শারীরিক কসরত থেকে পড়াশোনা এবং পুষ্টিকর খাবার সবটাই এই প্রশিক্ষণকেন্দ্র থেকে বিনামূল্যে পেয়েছি। সীমান্তের তরুণ-তরুণীদের জন্য পুলিশের এই উদ্যোগ আমাদের মতো কৃষক পরিবারের সন্তানদের ব্যাপকভাবে সহায়তা করছে। আইসি স্যর সহ সবাইকে কৃতজ্ঞতা জানাই।’ অন্যদিকে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, ‘সীমান্তের তরুণ প্রজন্মকে ড্রাগস পাচারের জগৎ থেকে সামাজের মূলস্রোতে নিয়ে আসতে জেলা পুলিশের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করা হয়। সীমান্তের তরুণদের প্রতিষ্ঠিত করতে লং-টার্ম পরিকল্পনা নিয়ে পথপ্রদর্শক প্রশিক্ষণকেন্দ্র চলছে। রকির সাফল্য সবাইকে উদ্বুদ্ধ করবে। এই সাফল্য আঁধার মেঘে বজ্রপাত। এরপরে বৃষ্টি আসবে বলে আমরা প্রত্যয়ী।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *