হরিশ্চন্দ্রপুর: “জল নেই তো ভোট নেই”— কার্যত এমন স্লোগানকে সামনে রেখে বাংলা-বিহার সীমান্তবর্তী হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের কুশল গ্রামে রাস্তায় নামলেন বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে বালতি ও কলসি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন শতাধিক মহিলা ও পুরুষ।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছরে তিনবার গ্রামে পাইপলাইন বসানো হলেও আজও বাড়ি বাড়ি ট্যাপকল বসেনি। রাধিকাপুর পিএইচই প্রকল্প থেকে জল সরবরাহের কথা থাকলেও মেলেনি পরিশ্রুত পানীয় জল। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীদের আয়রনযুক্ত নলকূপের জল পান করতে হচ্ছে, যাতে বাড়ছে পেটের অসুখ। কেউ কেউ জল আনতে জীবনের ঝুঁকি নিয়ে পাশের রাজ্য বিহারেও পাড়ি দিচ্ছেন।
বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত থেকে লক্ষাধিক টাকা ব্যয়ে সাব-মার্সিবল পাম্প বসানো হলেও তা অকেজো হয়ে পড়ে রয়েছে। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও সুরাহা না হওয়ায় চরম ক্ষুব্ধ তাঁরা। বাসিন্দাদের সাফ কথা, ভোটের আগে পরিশ্রুত পানীয় জল না পেলে এবার ব্যালট বক্সে তার জবাব দেওয়া হবে অর্থাৎ ভোট বয়কট করবেন তাঁরা। যদিও জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।
