উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন থেকে সরগরম রাজ্য রাজনীতি। এর আগে চাকরি হারিয়েছেন রাজ্যের ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এলাকায় নিয়োগে দুর্নীতির অভিযোগে ১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বুধবার বিচারপতি বসুর নির্দেশ, অবিলম্বে এই শিক্ষকদের বেতন বন্ধ করতে হবে। এদের শিক্ষাগত যোগ্যতা কী, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। সামনেই বিধানসভা ভোট। তার আগে চাকরি বাতিলের নির্দেশে জিটিএ তথা অনীত থাপাদের উপর চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।
