উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে দেশজুড়ে লাগু হল জিএসটি ২.০ (GST 2.0)। রবিবার দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশবাসীকে নবরাত্রি ও দুর্গাপুজোর উপহার দেন তিনি। জানান, নতুন এই জিএসটি সংস্কার ভারতীয় অর্থনীতির গতি বাড়াবে। একইসঙ্গে দেশবাসীকে ‘স্বদেশি’ পণ্য কেনারও আহ্বান জানান তিনি। জিএসটি ২.০ কার্যকর হওয়ায় এদিন থেকেই দাম কমছে ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য থেকে শুরু করে গাড়ি, একাধিক জিনিসের।
কোন কোন জিনিস সস্তা হচ্ছে? জেনে নিন বিস্তারিত…
ওষুধপত্র: জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ক্যানসার, জেনেটিক ও রেয়ার ডিজিজ এবং হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে কোনও জিএসটি থাকবে না। চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক কিটেও জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
সার্ভিস সেক্টর: হেলথ ক্লাব, স্যালোঁ, নাপিত, ফিটনেস সেন্টার ও যোগা সেন্টারের সার্ভিসেও জিএসটি ৫ শতাংশ করা হয়েছে।
খাদ্যপণ্য: ঘি, পনির, মাখন, নোনতা খাবার, কেচআপ, জ্যাম, শুকনো ফল, কফি, আইসক্রিম সস্তা হবে।
অটোমোবাইল: ছোট গাড়ির জিএসটি নামানো হয়েছে ১৮ শতাংশে। বেশ কয়েকটি সংস্থা ইতিমধ্যে দাম কমানোর কথা ঘোষণা করেছে। দু’চাকার যানবাহনের ক্ষেত্রেও জিএসটি ১৮ শতাংশ হয়েছে।
দৈনন্দিন ব্যবহারের জিনিস: হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্টে জিএসটি ৫ শতাংশ করা হয়েছে। টেলকম পাউডার, ফেস পাউডার, শেভিং ক্রিম, আফটার শেভ লোশনও ৫ শতাংশ করের আওতায়।
ইলেকট্রনিক্স: টিভি, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ডিশওয়াশারের দাম কমবে।
সিমেন্ট: ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কথায়, ‘নবরাত্রির প্রথমদিনই আত্মনির্ভর ভারতের পথে দেশ এক বড় পদক্ষেপ করতে চলেছে। সোমবার ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কার্যকর হবে জিএসটি ২.০। শুরু হবে জিএসটি বাঁচাও উৎসব।’
