উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো অভিনেতা গোবিন্দা (Govinda) কি সত্যিই দেউলিয়া? গত কয়েকদিন ধরে নেটদুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এক খবর— ‘হিরো নম্বর ১’ নাকি এখন কপর্দকশূন্য, পথে বসার দোরগোড়ায়! এই খবরে গোবিন্দা অনুরাগীরা মুষড়ে পড়লেও বিষয়টি নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া দিলেন গোবিন্দার ভাগ্নে তথা অভিনেতা বিনয় আনন্দ (Vinay Anand)। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে মামার আর্থিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া সমস্ত গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন তিনি।
“আজও ২৫-৩০ লক্ষ টাকা ওঁর নখদর্পণে”
বিনয় আনন্দের মতে, গোবিন্দা আজও একজন সুপারস্টার। বিনয় ক্ষোভ প্রকাশ করে বলেন, “উনি আজও যেখানে গিয়ে দাঁড়াবেন, সেখানে অনায়াসে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা রোজগার করতে পারেন। যারা ওঁকে গরিব বা দেউলিয়া বলছে, তারা আসলে মূর্খ ছাড়া আর কিছুই নয়।” মামার দীর্ঘ কেরিয়ারের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “উনি ৯০-এর দশকের সেই তারকা, যিনি প্রতিটি ছবির (Bollywood Information) জন্য কোটি কোটি টাকা পারিশ্রমিক নিতেন। যখন মুম্বইয়ের (Mumbai) লোখন্ডওয়ালায় ১২-১৩ লক্ষ টাকায় ফ্ল্যাট পাওয়া যেত, তখনই ১ কোটি টাকা ফি নিতেন গোবিন্দ। সেই মানুষটি কীভাবে আজ দেউলিয়া হয়ে যাবেন?”
গুঞ্জন বনাম বাস্তবতা
বিনয় আরও দাবি করেন, গোবিন্দ তাঁর কেরিয়ারে ৭০ থেকে ৮০টি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। শুধুমাত্র পাঁচটি ছবিতে তিনি যা পারিশ্রমিক পেয়েছেন, তা আজকের অনেক তারকার সারা জীবনের রোজগারকেও হার মানাবে। বিনয়ের মতে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রচার পাওয়ার আশায় বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভিত্তিহীন কথা রটাচ্ছে।
ব্যক্তিগত জীবনে ঝঞ্ঝা
আর্থিক টানাপোড়েনের খবরের পাশাপাশি গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়েও বর্তমানে টানাপোড়েন চলছে। সম্প্রতি অভিনেতার স্ত্রী সুনীতা অভিযোগ তুলেছেন, গোবিন্দা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। যদিও গোবিন্দা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই পারিবারিক বিবাদের আবহে ‘দেউলিয়া’ হওয়ার গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ায় তীব্র অসন্তুষ্ট অভিনেতার পরিবার।
