গাজোল: এসআইআরের (SIR) ভয়ে ভিন রাজ্য থেকে বাংলায় এসেও শেষ রক্ষা হলো না। সোমবার রাতে মালদার গাজোল (Gazol) থানার পান্ডুয়া এলাকা থেকে এক বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি জাল আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কে নিয়মিত টহলদারির সময় পান্ডুয়া এলাকায় এক যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখেন পুলিশ কর্মীরা। জিজ্ঞাসাবাদে কথাবার্তায় অসংলগ্নতা থাকায় তাকে থানায় নিয়ে আসা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ধৃতের নাম ফিরোজ শেখ। তার বাড়ি বাংলাদেশের জয়হাটের রসূল ফুলবাড়ি এলাকায়।
পুলিশি জেরায় ধৃত যুবক জানায়, গত বছর রমজানের ঠিক আগে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। ভারতে থাকার জন্য সে একটি জাল আধার কার্ড তৈরি করে এবং গুজরাটে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করে। ফিরোজের দাবি, গুজরাটে বর্তমানে এসআইআর প্রক্রিয়ার ব্যাপক কড়াকড়ি চলায় ধরা পড়ে যাওয়ার ভয়ে সে পশ্চিমবঙ্গে চলে আসে। তার ধারণা ছিল, বাংলায় যেহেতু এসআইআর-এর কাজ প্রায় শেষ, তাই এখানে লুকিয়ে থাকা সহজ হবে।
গাজোল থানার পুলিশের সন্দেহ, এই রাজ্যে ফিরোজের কোনও আশ্রয়দাতা রয়েছে। সেই চক্রের হদিশ পেতে এবং জাল আধার কার্ড তৈরির উৎস জানতে ধৃতকে মঙ্গলবার আদালতে (Court docket) পাঠিয়ে ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানানো হয়েছে।
