আসানসোল: সম্পর্কের চরম অবক্ষয় দেখল জামুড়িয়া। পারিবারিক বিবাদের জেরে নিজের বাবাকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে (Father Murdered by Son)। মঙ্গলবার রাতে জামুড়িয়া থানার সত্তর গ্রামে এই ঘটনাটি ঘটে। মৃত ব্যাক্তির নাম মদন বাউরি (৬৫)। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে রাজু বাউরি (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাজু বাউরির স্ত্রী ও সন্তানরা একটি অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির বাইরে গিয়েছিলেন। বাড়িতে তখন কেবল বৃদ্ধ বাবা মদন বাউরি এবং ছেলে রাজু উপস্থিত ছিলেন। অভিযোগ, সেই সুযোগেই পারিবারিক কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। বিবাদ চরমে পৌঁছালে রাজু তার বাবার মাথায় ভারী কোনও বস্তু দিয়ে সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ মেঝেতে লুটিয়ে পড়লে রাজু ঘর বাইরে থেকে বন্ধ করে চম্পট দেয়।
বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হওয়ার কথা।
এই ঘটনায় অভিযুক্ত রাজুর ভাই অজয় বাউরি বুধবার জামুড়িয়া থানায় নিজের দাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি খুনের মামলা রুজু করে পলাতক রাজু বাউরির খোঁজ শুরু করেছে। পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কোনও পুরনো বিবাদ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্তের খোঁজে সম্ভাব্য সমস্ত জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
