ফরাক্কা: বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ। এসআইআর ইস্যুতে গতকাল উত্তেজনা ছড়ায় ফরাক্কা (Farakka Information) বিডিও অফিসে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিডিও অফিস। বেলা দেড়টা নাগাদ দলবল নিয়ে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম অফিসে পৌঁছান। এসআইআর (SIR) নিয়ে হয়রানির অভিযোগ তুলে স্থানীয়রাও এরপর বিডিও অফিসের ঘরে ঢুকে পড়েন। যদিও বিডিও সেখানে ছিলেন না। হঠাৎ সবাই মিলে উত্তেজিত হয়ে চেয়ার ভাঙতে শুরু করেন, টেবিলের কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
মনিরুল ইসলামের নেতৃত্বে এরপর অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু হয়। যদিও তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘পুলিশের গুলি খেয়ে মরতে হলে মরবো, জেল খাটতে হয় খাটব। কিন্তু এসআইআরএর নামে সাধারণ মানুষকে নিয়ে অযথা হয়রানি মানবো না।’ ঘটনা প্রসঙ্গে বিজেপি সরকারকে এক হাত নেন তিনি।
বিষয় প্রসঙ্গে মুর্শিদাবাদের জেলা শাসক নীতিন সিংঘানিয়া বলেন, ‘ভাঙচুরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’ ফরাক্কার বিডিও জুনায়েদ আহমেদিনি কোন মন্তব্য করতে চাননি। ফরাক্কা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন তাদের আদালতে তোলা হয়।
এদিকে এই ঘটনার জেরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বিএলও (BLO)-দের মধ্যে। ফরাক্কার অনেক বিএলও কাজ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। কমিশনের ‘তুঘলকি’ সিদ্ধান্তের প্রতিবাদে অনেক কর্মীই আর কাজ চালিয়ে যেতে রাজি নন বলে জানা যাচ্ছে।
