Falakata | ফালাকাটায় রহস্যময় কুয়োর ধ্বংসাবশেষের হদিস! কী রয়েছে এর ভেতরে?

Falakata | ফালাকাটায় রহস্যময় কুয়োর ধ্বংসাবশেষের হদিস! কী রয়েছে এর ভেতরে?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ভাস্কর শর্মা,ফালাকাটা: ফালাকাটা পোস্ট অফিস মাঠে কুয়োর ধ্বংসাবশেষ ঘিরে রহস্য যেন গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। প্রবীণ নাগরিকরা কুয়ো নিয়ে নানা মত প্রকাশ করছেন। পুরসভা অবশ্য ‘ধীরে চলো’ নীতি নিয়েই চলতে চাইছে। এর জন্য শনিবার একেবারে সাবধানতা বজায় রেখেই খোঁড়াখুঁড়ির কাজ কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সকাল থেকেই পুরানো কুয়োর ভাঙা অংশ দেখতে ভিড় জমে যায়। সারাদিন প্রচুর মানুষ এই কুয়ো দেখতে আসেন।

এলাকার কাউন্সিলার অভিজিৎ রায় বলেন, ‘প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে কুয়োটি পুরোনো। তাই আমরা খুব সাবধানে খননকাজ করছি। সোমবার ইঞ্জিনিয়ার এসে কুয়োর ধ্বংসাবশেষ দেখবেন। এরপর সেখানে জল দিয়ে যদি গ্যাস থাকে তা বের করা হবে। পরে ইঞ্জিনিয়ারের পরামর্শ মেনেই কাজ করা হবে।’

পোস্ট অফিস মাঠে থাকা চা বিক্রেতা রিনা দত্ত বলেন, ‘আমার দোকানের ঠিক পাশেই মাটি খুঁড়তে গিয়ে কুয়োটি দেখা গিয়েছে। এই খবর চাউর হতেই সকালে মানুষের ঢল নেমেছিল। বাইরে থেকেও অনেকে কুয়োর ধ্বংসাবশেষ দেখতে আসেন।’

শনিবার পোস্ট অফিস মাঠে গিয়ে দেখা গেল, প্রচুর মানুষের ভিড় জমেছে। স্নানাগার ও শৌচাগার করার জন্য চার থেকে পাঁচটি গর্ত খোঁড়া হয়েছে। এর মধ্যে দুটি গর্তে কুয়োর অবস্থান স্পষ্ট দেখা যাচ্ছে। সেই কুয়ো দেখতেই ফালাকাটা সহ পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ভিড় করেন। অনেকে মোবাইলে ছবিও করে নিয়ে যান। অনেকে কুয়োর ভাঙা অংশে নামারও চেষ্টা করেন। কুয়োর ইট ছুঁয়েও দেখেন নাগরিকদের অনেকেই। এদিন ওই কুয়োর খবর সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে পড়ে। তাই বাইরে থেকেও অনেকে পুরানো কুয়ো দেখতে আসেন।

কোচবিহার থেকে ফালাকাটায় কুয়ো দেখতে এসেছিলেন মানিক সরকার। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমেই কুয়োর খবর দেখতে পাই। তাই ঠিক করি ফালাকাটায় যেহেতু একটি নিজস্ব কাজ আছে তার ফাঁকে কুয়োটিও দেখে আসব। কুয়ো দেখে মনে হয়েছে এটি বহু পুরোনো। বিশেষজ্ঞদের নিয়ে এসে বিষয়টি স্পষ্ট করা দরকার।’

শনিবার অবশ্য নতুন করে সামান্য খোঁড়াখুঁড়ি করা হয়। বাথরুম ও স্নানাগারের জন্য মাপজোখও করা হয়। ইঞ্জিনিয়ার এসে কুয়োর জায়গা দেখবেন। তারপরেই বাকি কাজ করা হবে বলে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *