কান্দি: হুলুস্থুল কাণ্ড! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল মুর্শিদাবাদের কান্দি মহকুমার এক দাপুটে বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু অভিযোগই নয়, স্ত্রীর মর্যাদা পেতে অভিযুক্ত নেতার বাড়ির সামনে ধর্নায় বসেছেন এক তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি জানাজানি হতেই আত্মগোপন করেছেন অভিযুক্ত বিজেপি নেতা।
জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি নেতার নাম আদিত্য মল্লিক। তিনি গত ২১ এর নির্বাচনে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত খড়গ্রাম বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন। আদিত্য বিবাহিত, তার স্ত্রী-সন্তান রয়েছে। এদিন এক তরুণী স্ত্রীর মর্যাদা চেয়ে আদিত্যর বাড়ির সামনে ধর্নায় বসেন। মহিলার দাবি, বেশ কয়েক বছর ধরে বিজেপি নেতার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তার। সময়ের সঙ্গে বেড়ে ওঠে শারীরিক ঘনিষ্ঠতা। আদিত্য তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দেন, কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি ভেঙে তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে মহিলা চাইছেন স্ত্রীর মর্যাদা। সেকারণেই তিনি ধর্নায় বসেছেন আদিত্যর বাড়ির দুয়ারে।
এদিকে ওই মহিলা আদিত্যর বাড়ির সামনে এসে হাজির হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি নেতার স্ত্রী। মহিলাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দরজা বন্ধ করে দেন। আদিত্যর শ্বশুর ষষ্ঠী মণ্ডল মহিলার হাত থেকে একটি অ্যালব্যাম কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তবে অভিযুক্ত বিজেপি নেতার দেখা মেলেনি। বাড়ির সদস্যরাও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই তিনি কার্যত আত্মগোপন করেছেন।
